ছাত্ররাজনীতি নিষিদ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নাম ব্যবহার করে আবাসিক হলের ডাইনিং ম্যানেজারদের কাছ থেকে চাঁদা দাবি, টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি এবং ডাইনিংয়ের দায়িত্ব পেতে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের খাবারের জন্য বরাদ্দ অর্থ থেকে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত দাবি করছে একটি চক্র- এমন অভিযোগ সংশ্লিষ্টদের।
কয়েক মাস ধরে এসব কর্মকাণ্ড চলার অভিযোগ উঠলেও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও জবাবদিহি নিয়ে।
কুয়েটের ছয়টি ছাত্র হলে ডাইনিং পরিচালিত হয়। দুপুর ও রাতের খাবারের জন্য জনপ্রতি দৈনিক বরাদ্দ ৬৫ টাকা। বর্তমান বাজারদরে এই অর্থে দুই বেলার খাবারের ব্যবস্থা করতেই হিমশিম খেতে হয় ডাইনিং ম্যানেজারদের। এর মধ্যে চাঁদা দেওয়ার চাপ তাদের সংকট আরও বাড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের ভাষ্য, লালন শাহ হলের ডাইনিং ম্যানেজারদের কাছ থেকে চলতি বছরের আগস্টে ২৭ হাজার টাকা নেওয়া হয়। সেপ্টেম্বরে আবারও টাকা দাবি করা হলে তারা আপত্তি জানান।
এরপর ১০ সেপ্টেম্বর রাতে অমর একুশে হলের কাছে ডেকে নিয়ে এক ম্যানেজারের কাছে প্রতিদিন এক হাজার টাকা দাবি করা হয় বলেও জানান অভিযোগকারীদের কয়েকজন।
এ ঘটনায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী দেবজ্যোতি দত্ত এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী অরিন্দম পাল পিউষের বিরুদ্ধে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, পিউষ নিজেকে দলের ‘ক্যাডার’ পরিচয় দিয়ে ডাইনিং ম্যানেজার নিয়োগে সুপারিশ করার কথাও বলেন।
তবে তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেন, ছাত্রদলের পরিচয়ে ডাইনিংয়ে টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
দেবজ্যোতি দত্তও চাঁদাবাজির অভিযোগ নাকচ করেছেন। তার দাবি, ডাইনিংয়ের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষিত রয়েছে এবং যে কেউ তা দেখতে পারবেন।
ড. এম. এ. রশিদ হলের এক ডাইনিং ম্যানেজারের অভিযোগ, দায়িত্ব পেতে ছাত্রদলের নেতা পরিচয় দেওয়া সাফওয়ান আহমেদ ইফাজের কক্ষে ১৫ হাজার টাকা পৌঁছে দিতে হয়েছে।
চাঁদা দাবির বিষয়ে আলোচনা বন্ধ করতে এবং এমন কোনো দাবি করা হয়নি- এমন বক্তব্য দিতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি হলের সহকারী প্রভোস্টকে মৌখিকভাবে জানানো হলেও প্রতিশোধের আশঙ্কায় লিখিত অভিযোগ করতে সাহস পাননি সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।
এর আগে গত ৮ সেপ্টেম্বর শিক্ষার্থী রাহাতুল ইসলামকে মারধর ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ছাত্রদলের পরিচয় দেওয়া একটি চক্রের সদস্যদের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থীকে মারধর এবং বিভিন্ন হলের কক্ষে গিয়ে দরজায় ধাক্কাধাক্কির অভিযোগও রয়েছে।
লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তার কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। কেউ ছাত্রদলের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে অভিযোগ পেলে প্রশাসনিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে সংগঠনের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার বন্ধে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।