দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২০:৩১ পিএম
দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল বাশারের নেতৃত্বে দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) সংক্রান্ত প্রায় চার হাজার আবেদনের ফি জমা ও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ অনুসন্ধানে পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে বোর্ডের সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে।
দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল বাশারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী পরিচালক ইমরান হোসেন ও উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা অংশ নেন।
দুদক সূত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণির কোনো শিক্ষার্থী এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে চাইলে নির্ধারিত প্রক্রিয়ায় টিসির জন্য আবেদন করতে হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সুপারিশসহ আবেদন বোর্ডে জমা দেওয়ার বিধান রয়েছে। পরে ‘সোনালী সেবা’র মাধ্যমে নির্ধারিত এক হাজার টাকা ফি জমা দিলে বোর্ড থেকে টিসি দেওয়ার অনুমতি দেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে, কিছু শিক্ষার্থী দুই শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে শিক্ষা বোর্ডকে আনুষ্ঠানিকভাবে না জানিয়েই প্রতিষ্ঠান পরিবর্তন করে। ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের তথ্য আগের শিক্ষাপ্রতিষ্ঠানের নামেই থেকে যায়। এতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে।
একপর্যায়ে এ ধরনের প্রায় চার হাজার আবেদন জমা পড়ে বলে জানান দুদকের সহকারী পরিচালক খাইরুল বাশার।
দুদকের এই কর্মকর্তা জানান, বিপুলসংখ্যক আবেদন বিবেচনায় নিয়ে বোর্ড প্রচলিত টিসি ইস্যুর প্রক্রিয়ার বাইরে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়। বোর্ডের রেজুলেশন ও আলোচনার ভিত্তিতে ‘সোনালী সেবা’র মাধ্যমে নির্ধারিত এক হাজার টাকা ফি জমা নেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের তথ্য আগের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, টিসি সংক্রান্ত আবেদন ফি বোর্ডের নির্ধারিত হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগের সত্যতা যাচাই এবং আবেদন ফি ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখছে দুদক।
অভিযান শেষে খাইরুল বাশার বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে।
এসব তথ্য পর্যালোচনা করে অভিযোগের প্রকৃত অবস্থা নির্ধারণ করা হবে। সংগৃহীত নথি ও বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করে কমিশনে দাখিল করা হবে বলেও জানান তিনি।
দুদক জানিয়েছে, এখনও অভিযোগের চূড়ান্ত সত্যতা প্রমাণিত হয়নি। অনুসন্ধান শেষে প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।