নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৫৯ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যার হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদেশে কর্মী পাঠানোর নামে অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যার হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এ ধরনের প্রতারণা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক ট্রাভেল এজেন্সি বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম পরিচালনা করছে, যা তাদের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি স্তর অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
মঙ্গলবার দুপুরে কমপ্লেক্স পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কমপ্লেক্সের কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা, চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরিদর্শন শেষে সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ সময় প্রবাসীদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।