চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৪৬ পিএম
চাঁদপুরে পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নানা কারণে দেশে সম্প্রতি ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন অনেকটাই কমে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ইলিশের উৎপাদন কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে উৎপাদন বাড়াতে করণীয় নির্ধারণ এবং সেসব পদক্ষেপ বাস্তবায়নের কাজও চলছে।
মঙ্গলবার চাঁদপুরে পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ভিজিএফের চাল বিতরণ ও মা ইলিশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশের নদীর ইলিশের মতো সুস্বাদু মাছ আর কোথাও নেই। তবে সম্প্রতি এর উৎপাদন অনেকটাই কমে যাচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ইলিশ কমার কারণ শুধুমাত্র মা ইলিশ বা জাটকা ধরে ফেলাই নয়। নদীগুলোতে চর জেগে ওঠাও অন্যতম একটি কারণ, যার ফলে মাছ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। ঠিক কোন কোন সমস্যার কারণে ইলিশ উৎপাদন কমছে এবং কী কী পদক্ষেপ নিলে উৎপাদন বৃদ্ধি পাবে, তা সুনির্দিষ্টভাবে বের করতে সরকার বিজ্ঞানীদের দায়িত্ব দিয়েছে।
শুধু সরকারি উদ্যোগেই মা ইলিশ রক্ষা করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে জেলেদেরও এগিয়ে আসতে হবে। জেলেদের বোঝাতে হবে অবৈধভাবে মা ইলিশ শিকার করলে নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি। এ ছাড়া নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।