পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:৪৫ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৮:০৩ পিএম
কাউন্সিলর ও যুবলীগ নেতা কামাল উদ্দিনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : প্রবা
পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা কামাল উদ্দিনের মুক্তির দাবি জানিয়েছে ঈশ্বরদী পৌর পরিষদ।
সোমবার (৯ জানুয়ারি) পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে মুক্তির দাবি জানায় পৌর পরিষদ। পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
প্যানেল মেয়র ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ফরিদা ইয়াসমিন, ইউছুফ আলী, আমিনুর রহমান, মনিরুল ইসলাম সাবু, আবু জাহিদ উজ্জল, আব্দুল লতিফ মিন্টু, রহিমা খাতুন, ফিরোজা বেগম, ওয়াকিল আলম।
আবুল হাসেম বলেন, বুধবার (৪ জানুয়ারি) শহরের কড়ইতলা এলাকায় লেগুনা ও ভটভটির বেপরোয়া গতিতে চলাচলের বিষয় নিয়ে অপ্রত্যাশিতভাবে রিকশাচালক মামুন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমরা পৌর পরিষদের পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্যানেল মেয়র আরও বলেন, হত্যাকাণ্ডের সময় পৌর কাউন্সিলর কামাল উদ্দিন ঘটনাস্থলে ছিলেন না। সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা পৌর পরিষদের পক্ষ থেকে কাউন্সিলর কামাল উদ্দিনের মুক্তির দাবি করছি। সেই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানাই।
হত্যার ঘটনায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল হোসেন ও তার ভাই আনোয়ার হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। শুক্রবার বিকালে কামাল উদ্দিন ও তার ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।