× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৫:৪১ পিএম

অভিযুক্ত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম।

অভিযুক্ত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম।

কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবদুস সালামের বিরুদ্ধে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না নিয়েই এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কুড়িগ্রামের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগে বলা হয়েছে, চিকিৎসক আবদুস সালাম যুক্তরাজ্যের ‘হেলস্টোন ইউনিভার্সিটি’ থেকে অনলাইনে অর্থের বিনিময়ে এমডি কার্ডিওলজি ডিগ্রির সনদ সংগ্রহ করেছেন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সনদের অনুলিপিও জমা দেওয়া হয়েছে।

অভিযোগকারীর দাবি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়সংক্রান্ত তথ্য ও বিভিন্ন সূত্র যাচাই করে ‘হেলস্টোন ইউনিভার্সিটি’ নামে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির স্বীকৃতি ও সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারী এটিকে অনলাইনভিত্তিক সনদ বিক্রির প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেছেন।

তার অভিযোগ, এ ধরনের সনদ ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচিতি নেওয়ায় রোগীরা বিভ্রান্ত হচ্ছেন এবং প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে পড়ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদনে অনলাইনে অর্জিত এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রিটিকে বিএমডিসির অনুমোদনহীন ও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ডিগ্রি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়। তবে ওই নির্দেশনা অমান্য করে ডিগ্রিটি ব্যবহার অব্যাহত রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে চিকিৎসক মো. আবদুস সালাম বলেন, “ইউকে থেকে এমডি কার্ডিওলজি ডিগ্রী অর্জন করেছি। হাজারো ছাত্র-ছাত্রী সেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ডাক্তারী করছেন। আমি করতে সমস্যা কোথায়।”

তিনি আরও দাবি করেন, “সিভিল সার্জন আমাকে যখন পত্র দিয়েছিলেন, তখন আমার সার্টিফিকেট ছিল না। এখন আমার সার্টিফিকেট আছে।”

“আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে বিএমডিসি পদক্ষেপ নিবে” উল্লেখে করে তিনি বলেন, “এটা নিয়ে কাঁদা ছোড়াছুঁড়ির কি আছে। কুড়িগ্রামের অনেক ডাক্তার আছে যারা ডিগ্রী না নিয়েও নামের পাশে ডিগ্রী যুক্ত করেছেন।”

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বলেন, “তদন্তের মাধ্যমে আমরা ডা. সালামকে একটি পত্র দিয়েছি। বিএমডিসির নিয়ম মেনে ডিগ্রী ব্যবহার করতে পারবেন।”

ডা. সালাম বর্তমানে এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করতে পারবেন কি না, জানতে চাইলে সিভিল সার্জন আরও বলেন, “যতক্ষণ বিএমডিসি অনুমতি না দেয় ততক্ষণ এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রী ব্যবহার করার সুযোগ নেই।”

হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ ডিগ্রির স্বীকৃতি ও পেশাগত যোগ্যতা রোগীদের নিরাপত্তা এবং আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সনদের সত্যতা যাচাই এবং ডিগ্রি ব্যবহারের বৈধতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা