কঠোর নজরদারি ও অভিযানের দাবি
সাব্বির হোসেন, বানারীপাড়া (বরিশাল)
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৩:১৭ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলার নদী, প্রকৃতি ও খাদ্যসংস্কৃতির সঙ্গে ইলিশের সম্পর্ক অবিচ্ছেদ্য। পদ্মার ইলিশ বিশেষ স্বাদ ও ঘ্রাণের জন্য দেশজুড়ে সমাদৃত; অন্যদিকে বরিশালের বানারীপাড়ার পাশ দিয়ে বয়ে চলা সন্ধ্যা নদীর ইলিশও স্বাদ ও ঐতিহ্যে স্থানীয় ভোজনরসিকদের কাছে বিশেষ আকর্ষণের নাম।
কিন্তু সেই ঐতিহ্যবাহী সন্ধ্যা নদীতেই এখন হুমকির মুখে ইলিশের ভবিষ্যৎ। প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডিমওয়ালা মা ইলিশ শিকারের অভিযোগ উঠেছে একশ্রেণির অসাধু জেলের বিরুদ্ধে। এতে ইলিশের বংশবিস্তার, নদীর জীববৈচিত্র্য এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা (৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর) চলাকালে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকার কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, বানারীপাড়ার সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ হচ্ছে না। নদীতে কার্যকর নজরদারি, পর্যাপ্ত জনবল ও দ্রুতগতির জলযানের সংকটের সুযোগ নিয়ে অসাধু জেলেরা বেপরোয়া হয়ে উঠছেন বলে দাবি সচেতন মহলের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সন্ধ্যা নদীর কাজলাহার, ব্রাহ্মণকাঠী, নলশ্রী, দিদিহার, তালাপ্রসাদ, নয়াবাজার, মসজিদবাড়ি ও চিড়াপাড়া পয়েন্টে দিন-রাত অবৈধ জাল ব্যবহার করে মা ইলিশ শিকার করা হচ্ছে। স্থানীয়দের দাবি, নলশ্রী, বাংলাবাজার ও মসজিদবাড়ি এলাকায় এ ধরনের তৎপরতা বেশি দেখা যাচ্ছে।
নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে শিকার চলতে থাকলে প্রজনন মৌসুমে বিপুলসংখ্যক ডিমওয়ালা ইলিশ নিধনের আশঙ্কা রয়েছে। এতে শুধু বর্তমান মৌসুমের উৎপাদন নয়, ভবিষ্যতের ইলিশের প্রাপ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। পর্যাপ্ত জনবল ও দ্রুতগতির স্পিডবোটের অভাবে নদীর বিস্তীর্ণ এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ছে বলে তারা মনে করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে টহলরত কর্মকর্তা ও পণ্যবাহী নৌযানের ওপর হামলা এবং অশালীন ভাষায় গালিগালাজের মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সচেতন মহলের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ও সুবিধাভোগী ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয়-প্রশ্রয়ে অবৈধ ইলিশ শিকারের তৎপরতা চলতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
গত রবিবার (১১ অক্টোবর) রাতে নদীতীরবর্তী এলাকায় অবৈধভাবে শিকার করা ইলিশ ভাগাভাগির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ভিডিওটির সত্যতা, ঘটনার স্থান ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাদের মতে, প্রজনন মৌসুমে একটি মা ইলিশ রক্ষা করা মানে ভবিষ্যতে অসংখ্য ইলিশের জন্ম ও বংশবিস্তারের সুযোগ তৈরি করা। মা ইলিশের পেটে থাকা ডিম থেকে নতুন পোনা জন্ম নেয়, যা পরবর্তী সময়ে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে মা ইলিশ শিকার অব্যাহত থাকলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি বাড়বে। এর প্রভাব পড়তে পারে বাজারদর ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপরও।
সন্ধ্যা নদীর ইলিশসম্পদ ও প্রজননক্ষেত্র রক্ষায় স্থানীয় সচেতন মহল চার দফা দাবি জানিয়েছেন। এগুলো হলোÑ
১. আধুনিক জলযান ও পর্যাপ্ত জনবল: রাতের আঁধারে নদীতে টহল জোরদার করতে মৎস্য বিভাগকে দ্রুতগতির স্পিডবোট, প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত নিরাপত্তাকর্মী দিতে হবে।
২. যৌথ অভিযান জোরদার: মৎস্য বিভাগের পাশাপাশি পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করতে হবে।
৩. শিকারি ও মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা: রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অবৈধভাবে মা ইলিশ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তি এবং তদন্তে প্রমাণিত মদদদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৪. জনসম্পৃক্ততা ও সচেতনতা বাড়ানো: নদীভিত্তিক পাহারা, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ততা এবং জনসচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে, যাতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা ইউএনও বায়েজিদুর রহমান বলেন, উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য কর্মকর্তাসহ প্রশাসনের পক্ষ থেকে দিনরাত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অবৈধ জেলেদের দৌরাত্ম্য কমাতে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুতগতির নৌযান ও মা ইলিশ রক্ষায় প্রয়োজনীয় জনবল বাড়ানোর ব্যবস্থা নিলে অবৈধভাবে মাছ শিকারকারীদের তৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সন্ধ্যা নদীর ইলিশ শুধু একটি সুস্বাদু মাছ নয়; এটি স্থানীয় ঐতিহ্য, জীবিকা ও নদীকেন্দ্রিক অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। তাই মা ইলিশ রক্ষায় শুধু নিষেধাজ্ঞা জারি করাই যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়নও জরুরি।
স্থানীয়দের আশঙ্কা, এখনই অবৈধ শিকার বন্ধে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে সন্ধ্যা নদীতে ইলিশের প্রাপ্যতা কমে যেতে পারে। তাই নদীতে নিয়মিত টহল, সমন্বিত অভিযান, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
পদ্মার ইলিশের মতো সন্ধ্যা নদীর ইলিশের ঐতিহ্যও টিকিয়ে রাখতে হলে এখনই রক্ষা করতে হবে মা ইলিশকে। কারণ আজকের একটি মা ইলিশের নিরাপত্তাই আগামী দিনের ইলিশসম্পদ রক্ষার অন্যতম ভিত্তি।