সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২২:৩৩ পিএম
সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ। ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। একই ঘটনায় এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের ঘটনার দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত রবিবার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেপারিডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (৩৫) ওই গ্রামের সৌদিপ্রবাসী রাজিব বেপারির স্ত্রী। নির্যাতনের শিকার যুবকের নাম রনি (৩০)। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই গৃহবধূকে চেয়ারে বসিয়ে তার হাত ধরে আছেন এক যুবক। এ সময় চেক টি-শার্ট পরা আরেক যুবক কাঁচি দিয়ে তার চুল কাটছেন। ওই নারী চিৎকার করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। ভিডিওর শেষ দিকে ওই নারীর মুখে থাপ্পড় মারতেও দেখা যায়। অন্য ভিডিওতে রাতে রনিকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত দুই যুবক সুমন হোসেন ও জয় হোসেন। তারা স্থানীয় ইউসুফ বেপারির নাতি। ইউসুফ বেপারি কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। ওই রাতে পরিবারের সদস্যরা তার কক্ষ থেকে এক যুবককে আটক করেন। ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাদের দিনভর আটকে রেখে বিকালে ওই নারীর চুল কেটে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হয়। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মোবাইল ফোনে ভুক্তভোগী গৃহবধূ জানান, মিথ্যা অভিযোগ তুলে তাকে ফাঁসানো হয়েছে। শ্বশুর-শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি দাবি করেন। জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জানতে পেরেছেন। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। কেউ অপরাধ করলে তার বিচারের জন্য আইন আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয়।