লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২১:৫২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ২১:৫৮ পিএম
লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক ওসির বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ করেন আব্দুর রহমান বিপ্লব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরে রাজনৈতিক পরিচয়ের কারণে আটক, নির্যাতন ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ তুলেছেন সাবেক ছাত্রনেতা মো. আব্দুর রহমান বিপ্লব। এ ঘটনায় তৎকালীন লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বিপ্লব। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক ক্যাম্পাস সেক্রেটারি।
লিখিত বক্তব্যে বিপ্লব বলেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তৎকালীন ওসি লোকমান হোসেনের নির্দেশে পুলিশ লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার চোখ বেঁধে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, ২০১৯ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাকে ফের গ্রেপ্তার করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাকে বিদ্যুৎ শক দেওয়া হয়। পরে গভীর রাতে পুলিশ সদস্যরা তাকে গাড়িতে তুলে রামগতি উপজেলার চর আলেকজান্ডার বেড়িবাঁধে নিয়ে যান। সেখানে মারধরের পাশাপাশি হত্যার ভয় দেখিয়ে শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে বিপ্লব অভিযোগ করেন, তাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে তার বাবার কাছে এক কোটি টাকা দাবি করেন ওসি লোকমান হোসেন। পরে দালালদের মাধ্যমে ৭০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তার দাবি, সকাল ১০টার আগেই তার বাবার কাছ থেকে ওই টাকা নেওয়া হয়।
এসব ঘটনায় ওসি লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার পাশাপাশি তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান আব্দুর রহমান বিপ্লবসহ ভুক্তভোগীরা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, লোকমান হোসেন বর্তমানে পুলিশের আর্মড় পুলিশ ব্যাটালিয়ন (এবিবিএন) এ কর্মরত আছেন বলে জানা গেছে।