মোছাদ্দেকুল ইসলাম, কালাই (জয়পুরহাট)
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২১:৩৭ পিএম
আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে আশিক আহমেদকে অভিনন্দন জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আশিক আহমেদ দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় ৩৪ দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ অর্জন করেছে।
পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতায় পেয়েছে স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গবেষণা ও প্রবন্ধ লিখে আন্তর্জাতিক অঙ্গনে তার এমন অর্জনে গর্বিত শিক্ষক ও স্থানীয় শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা, জুগিয়েছে অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা।
সোমবার বিকেলে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে আশিক আহমেদকে অভিনন্দন জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
ক্ষেতলালের কাঁচাকুল গ্রামের মিজানুর রহমান ও আকলিমা দম্পতির সন্তান আশিক আহমেদ কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
আশিক জানায়, দক্ষিণ কোরিয়াভিত্তিক আইকানিউজ আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের অনলাইন গবেষণা প্রতিযোগিতায় তার গবেষণার বিষয় ছিল ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কী কী উপায়ে ব্যবহার করা যেতে পারে। এ প্রতিযোগিতায় ৩৪টি দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের মধ্যে স্কুলপর্যায়ে ১০ জনকে ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক ইমার্স এডুকেশনের প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সে।
আশিক বলে, একজন শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি অর্জন আমার জন্য আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। ইমার্স এডুকেশনের মাধ্যমে বিশ্বের খ্যাতনামা অক্সফোর্ড, কেমব্রিজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশেরও সুযোগ রয়েছে।
কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল বলেন, ‘আন্তর্জাতিক গবেষণায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর স্বীকৃতি অর্জন অবশ্যই গর্বের। আশিকের সাফল্য প্রমাণ করে লক্ষ্য, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করেও সাফল্য অর্জন সম্ভব।’
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, আশিকের আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা।