× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ জেলায় সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২১:০৯ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের ৬ জেলায় সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে মোসা. ঐশী আক্তার (২৫) নামে এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সোহেল খান (২৮) ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল খান এবং তার ছোট ভাই তানভীর খানকে (১৮) আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মাত্র ১ মাস ১০ দিন বয়সী একটি শিশুসন্তান রেখে মারা যান ঐশী।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ জানান, নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের সময় রাজন (২৫) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল (২৪) ও জামাল মিয়া (৩০) নামের দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে রক্তমাখা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এদিকে, ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। রবিবার রাত ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন রূপসী-বাগবাড়ী ব্রিজ সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।নিহত রাজন রূপসী প্রধানবাড়ি এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার ওসি এইচ এম সালাউদ্দিন জানান, এ ঘটনায় ছিনতাই ও হত্যার অভিযোগে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে। 

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর হাইওয়ে সড়কের পাশের ঝোপ থেকে রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাট্টাজোর এলাকায় বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে (৩৫) মাথায় আঘাত করে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী উদ্ভব চন্দ্র দাস (২৭)। ঘটনার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গৃহবধূর স্বামী উদ্ভব চন্দ্র দাস ৯৯৯ ফোন করে পুলিশকে জানায়। পুলিশ উদ্ভবের ঘর থেকে অন্ত:স্বত্তা গৃহবধূর মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী উদ্ভব চন্দ্র দাসকে গ্রেফতার করে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহী : রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। রবিবার রাতে পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় চাচাতো ভাইয়ের পক্ষের সঙ্গে সংঘর্ষে জিয়ারুল ইসলাম (৪৫) নামের এক বাঁশ ব্যবসায়ীকে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে নগরীর চন্দ্রীমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে রাজশাহী নগরীর কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বাড়িতে একাই থাকতেন বেলী খাতুন। তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন এবং চার ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন।  

বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের কোপে হাবেল আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে শাহাবুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবেল আলী ওই এলাকার সামসোদ্দির ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা