চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২০:৪৪ পিএম
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গেছে নৌ পুলিশের স্পিডবোট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গেছে নৌ পুলিশের স্পিডবোট। এ সময় নৌ পুলিশের ১০ সদস্য নদীতে পড়ে যান এবং তাদের সঙ্গে থাকা একটি শটগান পানিতে তলিয়ে যায়।
সোমবার সকালে মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর নৌ পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায় এবং পুলিশের একটি শটগান নিখোঁজ হয়।
সদর নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে চাঁদপুর নৌ থানার ওসি আজমগীর হোসাইনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল গতকাল ভোরে মেঘনা নদীতে অভিযানে নামে। সকাল সাড়ে ৭টার দিকে তারা স্পিডবোট নিয়ে মতলব উত্তরের ষাটনল ও ছটাকী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় জেলেদের ধাওয়া করেন। একপর্যায়ে নৌ পুলিশের স্পিডবোট উল্টে ডুবে যায়। পুলিশ সদস্যরা সাঁতরে প্রাণে বাঁচলেও তাদের একটি শটগান পানিতে তলিয়ে যায়।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তলিয়ে যাওয়া শটগান উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।
এদিকে, মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় মোট ২৮ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।
এর মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছেন। বাকি চারজনকে অন্যান্য ফাঁড়ির অভিযানে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।