প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৮:৫৪ পিএম
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি পর্যালোচনা সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে সরকার ও দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি পর্যালোচনা সভায় সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ উৎসবের আনন্দ শুধু একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যান্য সম্প্রদায়ের মানুষও এতে সম্পৃক্ত হন। দেশের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় দুর্গোৎসব বাংলাদেশের সামগ্রিক উৎসবেরও একটি গুরুত্বপূর্ণ অংশ”।
তিনি বলেন, “সরকার গঠনের পর এবারই প্রথম পূজা-পার্বণের আয়োজন ও ব্যবস্থাপনার বিষয়টি সরকারিভাবে দেখভালের দায়িত্ব নেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব নিয়ে কথা বলেছেন, তখনই প্রধানমন্ত্রী তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন”।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, কমিটির সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।