চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৮:৪৪ পিএম
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে সার বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে সার বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। অন্যান্য ইউনিয়নের তুলনায় কৈয়ারবিলে সারের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এ পরিস্থিতিতে সারের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে সার বিক্রির দাবি জানিয়েছেন তারা।
একই ইউনিয়নের কৃষক এমডি সেলিম মিয়া অভিযোগ করেন, কৈয়ারবিল ইউনিয়নে সারের সিন্ডিকেটের কারণে কৃষকদের বাড়তি দামে সার কিনতে হচ্ছে। তার দাবি, অন্যান্য ইউনিয়নের তুলনায় কৈয়ারবিলে প্রতি বস্তা সারের দাম ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।
কৈয়ারবিল ইউনিয়ন যুবদল আহ্বায়ক শওকত ওসমান অভিযোগ করেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে তারা এমনিতেই চাপে রয়েছেন। এর মধ্যে সারের দাম বেশি নেওয়া হলে ফসল উৎপাদনে ব্যয় আরও বেড়ে যাবে। তাই সারের সরবরাহ স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নির্ধারিত মূল্য অনুযায়ী সার বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
কৈয়ারবিলে সারের দাম বেশি নেওয়ার অভিযোগ, কথিত সিন্ডিকেটের অস্তিত্ব এবং কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার দাবির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী বলেন,এ বিষয়ে আমার কাছে লিখিত বা মৌখিকভাবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া চকরিয়াতে সারের কোনো সংকট নেই বলেও জানান তিনি।