বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৮:৩৯ পিএম
হাসপাতালের কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা দেন সুভাষ দাশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবান সদর হাসপাতালের কর্মচারীদের বেতন-ভাতা আদায়ের দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালাবদ্ধ করে দিয়েছেন বান্দরবান সদর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক ও সেবক-সেবিকারা।
এ সময় আজকের মধ্যে তাদের বেতন-ভাতার ফাইলে স্বাক্ষর না করলে আজ মঙ্গলবার থেকে হাসপাতালের সব সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সোমবার বেলা ১১টায় বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সিভিল সার্জন কার্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, সকালে কার্যালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী যার যার কক্ষে অফিস করছিলেন। এমন সময় সুভাষ দাশের নেতৃত্বে হাসপাতালের একদল কর্মচারী সিভিল সার্জন কার্যালয়ের নারী-পুরুষ নির্বিশেষে সবার রুমের দরজায় তালা ঝুলিয়ে দেন । কয়েক নারী কর্মচারীকে রুমে তালা খুলে দিতে অনুরোধ করলে সুভাষ দাশ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ছাড়া তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার তথ্য সংগ্রহে গেলে সংবাদকর্মীদের সঙ্গে সুভাষ দাশ অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানান সাংবাদিকরা।
আন্দোলনের নেতৃত্বদানকারী সুভাষ দাশ বলেন, দুই মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এ নিয়ে সহকারী সিভিল সার্জনকে একাধিকবার বলা হলেও কোনো ধরনের সমাধান পাওয়া যায়নি। কয়েক দিন পর তাদের প্রধান ধর্মীয় পূজা। এ অবস্থায় বেতন-বোনাস না পেলে পরিবার নিয়ে পূজার আনন্দটাই নষ্ট হওয়ার পাশাপাশি খুবই কষ্টে দিনাতিপাত করছেন অনেকেই। আজকের মধ্যে সব কর্মচারীর বেতনের ফাইলে স্বাক্ষর না করা হলে আজ থেকে হাসপাতালের সব সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার দিলীপ কুমার চৌধুরী বলেন, সিভিল সার্জনের যোগদান ও দাপ্তরিক জটিলতার কারণে তাদের বেতন বন্ধ রয়েছে; যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।