মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:০৪ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:০৯ পিএম
র্যাবের হাতে গ্রেপ্তার মো. ওয়ারেছ। প্রবা ফটো
একাধিক হত্যা মামলার আসামি সর্বহারা পার্টির এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার এড়াতে তিনি প্রায় দুই যুগ ধরে পলাতক ছিলেন বলে জানায় সংস্থাটি।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে র্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রবিবার (৮ জানুয়ারি) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. ওয়ারেছ পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, ওয়ারেছ সর্বহারা পার্টির শীর্ষ নেতা ছিলেন। ১৯৯০ সালের ৮ আগস্ট আধিপত্য বিস্তার ঘিরে পাবনার আটঘরিয়ায় সর্বহারা পার্টির আব্দুল জলিল গ্রুপের সঙ্গে ওয়ারেছ গুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে জলিল মারা যান। এ ঘটনায় আটঘরিয়া থানায় ওয়ারেছকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে পুলিশ। ২০২১ সালের ২৬ অক্টোবর ওয়ারেছের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ ছাড়া তার বিরুদ্ধে পাবনার দিপু হত্যাসহ একাধিক হত্যা মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘ওই ঘটনার পর থেকে ২৩ বছর ধরে দেশ ও বিদেশে পালিয়ে ছিলেন ওয়ারেছ। পলাতক থাকাকালীন পরিচয় গোপন করে দীর্ঘ দিন ঢাকার সাভারে বসবাস করেন তিনি। তখন সেখানে দুধের ছানার ব্যবসা করতেন ওয়রেছ। পরে বিদেশ যান। সম্প্রতি বিদেশ থেকে ফিরে আবারও সাভারে বাস শুরু করেন। পেশা হিসেবে বেছে নেন গাড়িচালক। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর পাবনার আটঘরিয়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।’