খুলনা অফিস
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৪:১০ পিএম
সুন্দরবনের গভীরে অভিযান চালিয়ে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবনের গভীরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী।
খুলনায় এসআরবি-৬ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার এসব তথ্য জানান সংস্থাটির উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।
তিনি জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি শটগান, চারটি দোনলা বন্দুক, নয়টি ওয়ান শুটারগান ও ২৭৪ রাউন্ড তাজা গুলি। এ ছাড়া সাতটি ওয়াকিটকি, ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট ও ২৩টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নাজমুল ইসলাম বলেন, “সুন্দরবনে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে বনের গভীরে টিকে থাকা কঠিন হয়ে পড়ায় জলদস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিচ্ছে। গত ৯ অক্টোবর সুন্দরবনের আলমবশী নদীসংলগ্ন এলাকা থেকে আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের সময় তাঁদের কাছে কোনো অস্ত্র ছিল না। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়”।
মেজর নাজমুল ইসলাম জানান, বনের গভীরে বিভিন্ন স্থানে আলাদাভাবে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। জোয়ার-ভাটার পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করতে হয়েছে। এ জন্য দুই দিন সময় লাগে। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁদের অনেকেই নিজেদের বিরুদ্ধে কোন কোন থানায় মামলা রয়েছে, তা জানতেন না। তাঁদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হচ্ছে। আদালতের বিচারিক প্রক্রিয়া অনুযায়ী মামলাগুলোর নিষ্পত্তি হবে।
আত্মসমর্পণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যুদের অস্ত্র সরবরাহকারী এবং জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়েও অনুসন্ধান চলছে। সাতক্ষীরা, কয়রা, দাকোপ ও পটুয়াখালী এলাকার অস্ত্র সরবরাহকারীদের পরিচয়, যোগাযোগের নম্বর এবং অস্ত্র সরবরাহ ও অর্থ লেনদেনের পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
মেজর নাজমুল ইসলাম বলেন, “সুন্দরবনের অন্য জলদস্যুরাও অপরাধের পথ ছেড়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তবে অপরাধ অব্যাহত রাখলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে”।
সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ২ মার্চ থেকে কোস্ট গার্ড, এসআরবি, স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন নামে বিশেষ অভিযান চলছে। সংশ্লিষ্টদের আশা, জলদস্যুদের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধারের ফলে বনজীবীদের নিরাপত্তা বাড়বে।