× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্ন করা-ভিডিও ধারণে ‘বাধা’, ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

খুলনা অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৩:০৫ পিএম

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, অথচ প্রশ্ন করার সুযোগ নেই। ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা। কথা বলতে গেলেও বাধা দেওয়ার অভিযোগ। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে নবনিযুক্ত খুলনা ডিআইজির মতবিনিময় সভা বর্জন করেছেন খুলনার সাংবাদিকেরা। পুলিশের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও বাহিনীর সদস্যদের অনিয়ম নিয়ে প্রশ্নের উত্তর জানতে গিয়ে উল্টো উপদেশ শুনতে হয়েছে বলে অভিযোগ তাদের।

রবিবার বিকাল ৩টার দিকে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

ডিআইজি কার্যালয়ে আয়োজিত এ সভায় সাংবাদিকদের বক্তব্য তুলে ধরা ও প্রশ্ন করার সুযোগ না দেওয়ার অভিযোগে একপর্যায়ে তারা বেরিয়ে যান।

গত ১৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রেজাউল করিম। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। তবে সভায় অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, মতবিনিময়ের কথা বলা হলেও তাদের পরিচয়পর্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বলা হয়। ছবি তোলা ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে ও বক্তব্য তুলে ধরতে চাইলে তাদের থামিয়ে দেওয়া হয়। ডিআইজি সাংবাদিকদের কথা শোনার পরিবর্তে উপদেশ দিতে থাকেন।

সাংবাদিকদের প্রশ্ন, যে সভার উদ্দেশ্য ছিল পারস্পরিক মতবিনিময়, সেখানে সাংবাদিকদের কথা বলার সুযোগই যদি না থাকে, তাহলে এমন আয়োজনের প্রয়োজন কী? তাদের মতে, পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালনের সুযোগ সংকুচিত করে প্রকৃত মতবিনিময় সম্ভব নয়।

সভা বর্জনের সময় এক সাংবাদিক বলেন, খুলনায় পুলিশের কার্যক্রম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রত্যাশা নিয়ে তারা সভায় গিয়েছিলেন। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানার পাশাপাশি নিজেদের প্রশ্ন ও অনুসন্ধানের বিষয়গুলো তুলে ধরাও তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু সে সুযোগ না পাওয়ায় তারা হতাশ হয়েছেন।

একুশে টিভির নখুলনা ব্যুরো প্রধান আশরাফুল ইসলাম নুর  বলেন, তারা ব্যক্তিগত কোনো বিষয়ে কথা বলতে যাননি। খুলনার মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়া এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানাই ছিল তাদের লক্ষ্য। প্রশ্ন করার সুযোগ না থাকলে সেটিকে প্রকৃত অর্থে মতবিনিময় বলা যায় না।

এদিকে সভায় পুলিশের সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য দেন ডিআইজি মো. রেজাউল করিম। তিনি বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট একটি ঘটনায় দায়িত্বে থাকা পরিদর্শক আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মানবিক বিবেচনায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ডিআইজি আরও বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি অপরাধের পেছনে কারা জড়িত, তা-ও তদন্ত করা হবে। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি বা হয়রানির অভিযোগ থাকলে তাকে জানানোর আহ্বান জানান তিনি। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

তবে পুলিশের অনিয়ম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করার সুযোগ না পাওয়ার অভিযোগে শেষ পর্যন্ত সভা বর্জন করেন সাংবাদিকেরা। পরিচিতি ও মতবিনিময়ের নামে আয়োজিত সভায় সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দেওয়ার এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা