কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় দায়িত্ব পালন শেষে ফেরার পথে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমের ওপর সশস্ত্র ছিনতাইকারীদের হামলার ঘটনায় জেলা পুলিশের দেওয়া অভ্যন্তরীণ সতর্কতামূলক নির্দেশনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এ ব্যাখ্যা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গভীর রাতে দায়িত্ব পালন শেষে সাধারণ পোশাকে রূপসা ফেরি পার হয়ে পুলিশ ক্লাবে যাওয়ার পথে নগরীর কলেজিয়েট স্কুলের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। এ সময় তিনজন সশস্ত্র ছিনতাইকারী তার মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাকে চাপাতি দিয়ে কোপায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার দুই হাত গুরুতর জখম হয়।
পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়। অস্ত্রোপচার সফল হলেও তার দুই হাতের কয়েকটি আঙুল স্থায়ীভাবে কার্যক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনার পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং গভীর রাতে সাদা পোশাকে চলাচলের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত শুক্রবার খুলনা জেলা পুলিশ সুপারের স্বাক্ষরে একটি অভ্যন্তরীণ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, ওই নির্দেশনা শুধু সদস্যদের নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এটি নিয়মিত পুলিশি কার্যক্রম সীমিত করা কিংবা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেতিবাচক কোনো বার্তা দেওয়ার জন্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভ্যন্তরীণ নির্দেশনাটি প্রকাশের প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও দায়িত্বহীনতা বা বিধিবহির্ভূত ভূমিকা প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট পরিচালনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারসহ নিয়মিত অভিযান জোরদার রয়েছে। কোনো বিচ্ছিন্ন ঘটনা বা বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করে বস্তুনিষ্ঠ তথ্যের ওপর আস্থা রাখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।