নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৯:০২ এএম
নাকটরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি রবিবার রাতে একটি কাপড়ের দোকান থেকে উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ৯টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোর নামের একটি বস্ত্রালয় থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। তবে ব্যাগে থাকা ক্যামেরা ও অন্যান্য কাগজপত্র এখনও উদ্ধার করা যায়নি।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দোকানের কর্মচারী অন্তর সাহাকে (২০) আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নাটোর সদর থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে রেলওয়ে স্টেশনে সিসিটিভি ক্যামেরায় দেখা যাওয়া অভিযুক্ত যুবককে এখনও আটক করা যায়নি।
রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ সুপার জানান, জার্মান পর্যটকের হারানো জিনিসপত্র উদ্ধারে গোয়েন্দাসহ পুলিশের বেশ কয়েকটি টিম একযোগে কাজ করছিল। পুলিশকে বিভ্রান্ত করতে ল্যাপটপটি নিয়ে গত কয়েকদিন ধরে ঘন ঘন স্থান পরিবর্তন করা হচ্ছিল। পুলিশও ছায়ার মতো লেগে ছিল। শেষ পর্যন্ত ল্যাপটপটি উদ্ধার করা গেলেও মূল অভিযুক্তকে আটক করা যায়নি। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, বিদেশি পর্যটকের ল্যাপটপটি চুরি হওয়ার পর থেকে পুলিশের সবকটি ইউনিট একযোগে কাজ করছিল। শনিবার রাতেও ল্যাপটপটি উদ্ধারের জন্য নাটোর পুলিশের একটি দল লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
রবিবার সন্ধ্যার পর ল্যাপটপটির সন্ধানে সদর থানার একটি দল শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোরে যায়। সেখানে অন্তর কুমার সাহা নামের এক তরুণ পুলিশকে জানান তার বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। রাত ৯টার দিকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। রাত পৌনে ১০টার দিকে ল্যাপটপসহ ওই তরুণকে সদর থানায় আনা হয়। পরে যাচাই করে ল্যাপটপটি যে ক্রিলের তা নিশ্চিত হয় পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে ক্রিলের সঙ্গে যোগাযোগ করা হয়।
পুলিশ সুপার বলেন, ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও সঠিক তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্তের পর শনিবার রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে অভিযুক্ত ব্যক্তির ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়। খুব স্বল্প সময়ে তাকে গ্রেপ্তার ও জিনিসপত্র উদ্ধার করা যাবে বলে আশা করছি।