খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২২:২৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ২২:২৩ পিএম
জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের নয়াবাজার এলাকায় আটটি এবং জুড়ী কলেজ রোডে দুটি গাছসহ ১০টি গাছ মরে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর আহ্বান জানিয়ে মানুষকে উৎসাহিত করা হয়। কিন্তু সেই গাছই যখন মরে গিয়ে ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে থাকে, তখন তা হয়ে উঠতে পারে পথচারী ও যানবাহনের জন্য বড় ঝুঁকি।
বিশেষ করে ঝোড়ো হাওয়া কিংবা প্রতিকূল আবহাওয়ায় এসব গাছ ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো অপসারণের দাবি জানিয়েছে স্থানীয়রা।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের নয়াবাজার এলাকায় আটটি এবং জুড়ী কলেজ রোডে দুটি গাছসহ ১০টি গাছ মরে গেছে। সড়কের পাশে এসব মরা গাছ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গাছগুলো যেকোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
জুড়ী-লাঠিটিলা সড়ক ও জুড়ী কলেজ রোড দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এসব সড়ক ব্যবহার করে শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মরা গাছগুলো ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপদের কারণ হয়ে উঠতে পারে। গাছের ডাল ভেঙে যানবাহন বা মানুষের ওপর পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটাতে পারে বলে আশঙ্কায় রয়েছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আবি হোসাইন বলেন, সড়কের পাশে মরা গাছগুলো দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে রয়েছে। ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। কোনো কারণে গাছগুলো ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে মৌলভীবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, গাছ কাটার জন্য আমাদের কোনো অনুমতি নেই। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নিতে পারব।