× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাজমিনকে অটোরিকশায় দেখেছিলেন রাজু, খুদে বার্তায় কী কথা হয়েছিল

কুমিল্লা অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২২:০৮ পিএম

রিয়াজ উদ্দিন ওরফে রাজু ও ‍নিহত জান্নাতুল তাজমিন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রিয়াজ উদ্দিন ওরফে রাজু ও ‍নিহত জান্নাতুল তাজমিন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার আগে তার সঙ্গে মুঠোফোনে শেষবার কী কথা হয়েছিল, সে বিষয়ে নতুন তথ্য দিয়েছেন কক্সবাজারের যুবক রিয়াজ উদ্দিন ওরফে রাজু (২০)।

রাজুর ভাষ্য অনুযায়ী, কক্সবাজার থেকে বাসে কুমিল্লায় ফেরার পর তাজমিন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নামেন। সেখান থেকে রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। বাসায় পৌঁছে প্রধান ফটক বন্ধ দেখতে পেয়ে মা-বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সাড়া না পেয়ে রাজুকে বিষয়টি জানান।

রাজুর দাবি, বাড়িতে ঢুকতে না পেরে তাজমিন পরে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানালে তিনি তাজমিনকে ভিডিও কল করেন। তখন তাকে অটোরিকশায় দেখতে পান। এ নিয়ে বকাঝকা করলে তাজমিন ফোন কেটে দেন। পরে খুদে বার্তায় তাকে চিন্তা না করতে বলেন এবং সকালে বাড়ি ফেরার কথা জানান।

এরপর তাজমিন কাকে ফোন করেছিলেন, তা জানতে চাইলে তিনি এক বন্ধুকে ফোন করার কথা বলেন। রাজুর দাবি, পরে তার মনে হয়েছে, তাজমিন সম্ভবত ওই অটোরিকশাচালকের কথাই বোঝাতে চেয়েছিলেন।

তবে ভিডিও কল ও খুদে বার্তা আদান-প্রদানের সুনির্দিষ্ট সময় জানা যায়নি। এসব তথ্য যাচাই করা গেলে তাজমিনের শেষ কয়েক ঘণ্টার ঘটনাপ্রবাহ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

রবিবার সন্ধ্যায় কক্সবাজারের স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজু এসব দাবি করেন।

ফেসবুকে পরিচয়, কক্সবাজারে এক রাত

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে রাজুর সঙ্গে তাজমিনের পরিচয় হয়। প্রায় ১৭ দিনের পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র ধরে তিনি কক্সবাজারে যান। রাজু সেখানে একটি আবাসিক হোটেলে কাজ করেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাড়ি ছাড়ার আগে তাজমিনের সঙ্গে মায়ের ঝগড়া হয়েছিল। পরে তিনি প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যান। সেখান থেকে কুমিল্লায় ফিরে পরে কক্সবাজারে যান। বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলেছিলেন।

কক্সবাজারে একটি আবাসিক হোটেলে রাজু ও তাজমিন এক রাত অবস্থান করেন। হোটেলের নিবন্ধন খাতায় তাজমিনের নাম ‘তানজু আক্তার’ ও বয়স ১৮ বছর লেখা হয়েছিল। সেখানে তাকে রাজুর স্ত্রী হিসেবে দেখানো হয়। হোটেলের নিবন্ধন খাতা ও সিসিটিভি ফুটেজে তাদের অবস্থানের তথ্য পাওয়া গেছে।

বাসের টিকিট কেটে তাজমিনকে বিদায় দেন রাজু

কক্সবাজারের প্যানোরামিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির কর্মী আবদুল্লাহ জানান, ৬ অক্টোবর রাত ৮টার পর এক তরুণ ও এক তরুণী তাদের কাউন্টারে বাসের টিকিট কাটতে আসেন। পরে তাজমিনের মৃত্যুর খবর প্রকাশিত হলে বাসে যাওয়া মেয়েটিকে শনাক্ত করেন তিনি।

আবদুল্লাহর ভাষ্য অনুযায়ী, তাদের একজন ৭ অক্টোবরের বাসের টিকিট কাটেন। ওই দিন দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে যায়। 

রাজুর এক সহকর্মীর দাবি, রাজু নিজেই ৯০০ টাকা দিয়ে তাজমিনের টিকিট কেটে তাকে বাসে তুলে দেন।

অটোরিকশাচালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা বাস থেকে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে নামেন তাজমিন। এরপর রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন।

পুলিশের দাবি, অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫) তাকে গন্তব্যে না নিয়ে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। এরপর ৯ অক্টোবর সকালে লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ৮ অক্টোবর বিকালে তাজমিনের সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয়েছিল বলে জানিয়েছেন তার মা কেয়া খাতুন। তখন তাজমিন এক বান্ধবীর সঙ্গে থাকার কথা বলেছিলেন। বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও তাজমিন তা জানাননি বলে দাবি করেন তার মা।

এ ঘটনায় গ্রেপ্তার সুমন মিয়া ১০ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডে সুমন জড়িত; রাজুর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, কললিস্টসহ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত চলছে।

তাজমিনের শেষ ফোনালাপ, অটোরিকশায় ওঠার পর তার অবস্থান এবং হত্যাকাণ্ডের আগে কী ঘটেছিল, তা নিশ্চিত করতে রাজুর বক্তব্যসহ সব তথ্য-প্রমাণ নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা