মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২১:২১ পিএম
কিশোরগঞ্জের ইটনার ধনপুর ইউনিয়নের সহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে হাজিরা খাতায় ছয় শিক্ষকের স্বাক্ষর দেখতে পান ইউএনও মাখন চন্দ্র সূত্রধর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে ছয় শিক্ষকের। কিন্তু বিদ্যালয়ে গিয়ে তাদের মধ্যে তিনজনকে পেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অনুপস্থিত শিক্ষকদের মধ্যে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই সহকারী শিক্ষক।
তাদের অনুপস্থিতির বিষয়ে ছুটির অনুমতি নেওয়া কিংবা কর্তৃপক্ষকে আগাম অবহিত করার তথ্যও পাওয়া যায়নি পরিদর্শন বইতে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়ে এমন চিত্রে প্রশ্ন উঠেছে তদারকি ব্যবস্থা নিয়েও।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের সহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। বিদ্যালয়ের হাজিরা রেজিস্টারে ছয়জন শিক্ষকের স্বাক্ষর থাকলেও সরেজমিনে উপস্থিত পাওয়া যায় মাত্র তিনজনকে।
পরিদর্শন বহিতে লিপিবদ্ধ পর্যবেক্ষণ অনুযায়ী, অনুপস্থিত তিন শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক এবং সহকারী শিক্ষক আনোয়ারা পারভীন ও সজল। তাদের অনুপস্থিতির কারণ, হাজিরা খাতায় স্বাক্ষর থাকার বিষয়টি এবং কর্তৃপক্ষকে আগাম অবহিত না করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
পরিদর্শনের পর প্রধান শিক্ষক মো. ফজলুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে কিশোরগঞ্জে অবস্থান করছেন। সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরে চলে এসেছেন বলে দাবি করেন তিনি। তবে পরিদর্শনের সময় তাকে বিদ্যালয়ে পাওয়া না গেলেও হাজিরা খাতায় তার স্বাক্ষর থাকার বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
অন্য দুই সহকারী শিক্ষকের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের অনুপস্থিতির কারণ সম্পর্কে বক্তব্য জানা সম্ভব হয়নি।
জনৈক অভিভাবক বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে পাঠদানের মান ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়ে অভিভাবকদের উদ্বেগ রয়েছে। অনেকেই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্ডারগার্টেন বা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন।’
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের মান উন্নত করা, শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়া প্রয়োজন। এসব ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি হলে অভিভাবকদের আস্থা ফিরবে এবং শিক্ষার্থীর সংখ্যাও বাড়তে পারে।
শিক্ষকদের অনুপস্থিতি ও হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. এহছানুল হক বলেন, ‘বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর থাকার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত পাঠদান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় পরিদর্শনে শিক্ষকদের উপস্থিতি নিয়ে যে চিত্র পাওয়া গেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষকদের অনুপস্থিতির কারণ এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে আগে থেকে অবহিত না করার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাদের সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।