ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২০:৪৫ পিএম
ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হওয়া পারমাণবিক বিক্রিয়া সফল হয়েছে। ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হওয়া পারমাণবিক বিক্রিয়া সফল হয়েছে। যার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।
রবিবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দুপুর ৩টা ৩৪ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এ সময় চুল্লির সব প্যারামিটার নির্ধারিত মাত্রায় ছিল। পাশাপাশি বিকিরণের মাত্রা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও নিশ্চিত করেন তিনি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক শক্তি উৎপাদন করা হয়। এটি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের চূড়ান্ত প্রক্রিয়ার অংশ। এর মধ্য দিয়ে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদন শুরুর আরও কাছাকাছি এগিয়ে গেল। আগামী ডিসেম্বরে এই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে স্থাপন করা হয়েছে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ মডেলের পারমাণবিক চুল্লি। আধুনিক এই প্রযুক্তিতে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। এটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। আর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় গঠিত হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, পারমাণবিক বিক্রিয়া সফল হওয়ায় রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে প্রথমবারের মতো সংযুক্ত হওয়ার (গ্রিড সিনক্রোনাইজেশন) পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। পরবর্তী পর্যায়ে অনুমোদিত কমিশনিং কর্মসূচি অনুযায়ী রিঅ্যাক্টর ফিজিক্স পরীক্ষা, বিভিন্ন সিস্টেম ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই, ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বৃদ্ধি এবং গ্রিড সংযোগের জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও প্রস্তুতি সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন বাংলাদেশের জন্য কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি দেশের বিজ্ঞান, প্রকৌশল ও পারমাণবিক প্রযুক্তি সক্ষমতার বিকাশে একটি ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও কমিশনিং কার্যক্রমের পর বাংলাদেশ এখন প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। প্রথম ইউনিটে উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য রয়েছে। আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই তা সম্ভব হবে।