× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উল্টে যাওয়া ট্রাক্টর থেকে কিশোরের লাফ, চাপা পড়ে মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২০:২২ পিএম

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নূর আলম শিকদার (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনা আঁচ করতে পেরে গাড়ি থেকে লাফ দিয়েছিল সে, কিন্তু উল্টে যাওয়া গাড়িটি সরাসরি তার ওপরই আছড়ে পড়ে।

রবিবার বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আলম উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া খলাপাড়া এলাকার আজগর আলী শিকদারের ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। দরিদ্র বাবার সংসারে হাল ধরতে ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টরে শ্রমিকের (হেলপার) কাজ করত সে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রবিবার সকালেও ট্রাক্টরের চালক কাইয়ুম মিয়ার সঙ্গে কাজে বের হয় নূর আলম। খলাপাড়া এলাকায় ইট পৌঁছে দিয়ে ফেরার পথে পাকা সড়ক থেকে একটি কাঁচা রাস্তায় নামার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বিপদ বুঝতে পেরে চলন্ত গাড়ি থেকে দ্রুত লাফ দেয় নূর আলম। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাক্টরটি ছিটকে গিয়ে তার ওপরই পড়ে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবীবা জুঁই জানান, বিকেল পাঁচটার দিকে স্থানীয় লোকজন নূর আলমকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। ভারী কোনো যানবাহনের নিচে চাপা পড়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

ছেলের অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা আজগর আলী শিকদার। তিনি বলেন, “আমি অসুস্থ, কোনো কাজ করতে পারি না। আমার কিশোর ছেলেটাই লেবারির (দিনমজুরি) কাজ করে পরিবারের পুরো খরচ চালাত। গাড়ি উল্টে আমার ছেলেটা এভাবে অসময়ে আমাদের ছেড়ে চলে গেল! এখন পুরো পরিবারটা কীভাবে বাঁচবে?”

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নূর আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, গাড়ি উল্টে যাওয়ার মুহূর্তে নূর আলম লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু উল্টো গাড়ির নিচেই চাপা পড়ে। হাসপাতাল থেকে মরদেহটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা