খাগড়াছড়ির আম, আনারস, কমলা, কফি, কাজুবাদামসহ বিভিন্ন কৃষিপণ্য ও হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান নিশ্চিত করা, আধুনিক প্যাকেজিং, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষক ও উদ্যোক্তাদের আয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ‘এক জেলা এক পণ্য’ (ওডিওপি) কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে রবিবার আয়োজিত ‘খাগড়াছড়ি জেলার উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা।
সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রাহমান, পিপিএম। প্রবন্ধ উপস্থাপন করেন ইপিবির পরিচালক কুমকুম সুলতানা।
আবদুল ওয়াদুদ ভূঁঞা বলেন, খাগড়াছড়ির প্রাকৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য কৃষি ও ফলমূল উৎপাদনে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে। নিরাপদ উৎপাদন, মানোন্নয়ন, আধুনিক প্যাকেজিং এবং যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক বাজারে স্থানীয় পণ্যের চাহিদা বাড়ানো সম্ভব।
রপ্তানি সম্প্রসারণে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতায় জেলা চেম্বার কাজ করবে বলেও জানান তিনি।
মোহাম্মদ হাসান আরিফ বলেন, খাগড়াছড়ির আম, আনারস, কমলা, কলা, কফি, কাজুবাদাম, ড্রাগন ফল, পেঁপে ও কাঁঠালের পাশাপাশি বাঁশ, বেত ও হস্তশিল্পজাত পণ্যেরও রপ্তানি সম্ভাবনা রয়েছে।
এ সম্ভাবনা কাজে লাগাতে মান নিয়ন্ত্রণ, গ্রেডিং, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবহনব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সনদায়ন এবং বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য বাড়ানোরও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ, বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং সম্ভাবনাময় পণ্যের বাজার সম্প্রসারণে ইপিবি উদ্যোক্তাদের সহায়তা দিয়ে থাকে।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে মানসম্মত উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজার সংযোগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি।
সভায় স্থানীয় কৃষক, উৎপাদক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।
আলোচনায় খাগড়াছড়ির সম্ভাবনাময় পণ্যের রপ্তানি বাড়াতে দক্ষতা উন্নয়ন, মানসম্মত উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।