বগুড়া অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:২৯ পিএম
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে এক ফলক উন্মোচন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সার্বিক উন্নয়নে প্রায় ৬০০ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
রবিবার সকাল ১০টায় সরকারি আজিজুল হক কলেজে এক ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বাদশা জানান, সরকারি আজিজুল হক কলেজ তার অহংকার ও গর্বের জায়গা। তিনি নিজেও একসময় এ কলেজের শিক্ষার্থী ছিলেন। এখানে ক্লাস করেছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন। এ কারণে কলেজটির প্রতি তার গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে।
কলেজের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্য বলেন, আগে এ প্রতিষ্ঠানের উন্নয়নে সাড়ে ৩৫০ কোটি টাকার পরিকল্পনা করা হয়েছিল। পরে নতুন সংযোজন ও আধুনিকায়নের প্রয়োজন বিবেচনায় পরিকল্পনাটি সংশোধন করে প্রায় ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য বিনা সুদে ও বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।
বগুড়ার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জেলায় একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছে। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি চিকিৎসা, বিজ্ঞান ও কৃষি বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবে।
কলেজের ফলাফলের প্রশংসা করে সংসদ সদস্য বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ফলাফলের দিক থেকে সরকারি আজিজুল হক কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। আগামীতে কলেজটি প্রথম স্থান অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলম পাশা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মো. সবুজ মিয়া এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাকিবুল আল-আমিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।