গোয়াইনঘাট (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:০৬ পিএম
নিহত বদরুল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় বদরুল আলম (৩২) নামের রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিহত হয়েছেন। এ ঘটনায় সাদেক মিয়া নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার ভোরে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গুরাগ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত বদরুল রুস্তুমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি বালু ব্যবসা ও গরুর খামার পরিচালনায় যুক্ত ছিলেন। আহত সাদেক মিয়া লামা হাদারপার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাদেক মিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে এগিয়ে যান। এ সময় তিনি শাহিন ও তুহিন নামের দুজনকে ধারালো ছুলফি দিয়ে বদরুলকে এলোপাতাড়ি আঘাত করতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।
হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহত ও আহতের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানান, এ ঘটনাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।