পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৬:২৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ১৬:৪৫ পিএম
সিএনজিচালিত অটোরিকশায় বাঁধা একটি গরু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় গরু চুরি করে পালানোর সময় দুই নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাদের সঙ্গে থাকা দুই পুরুষ পালিয়ে যান।
পরে গরু ও চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাসহ আটক দুই নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন জানান, চারজনের একটি দল সিএনজি অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় আসে। পরে স্থানীয় নুরুল চৌধুরীর একটি গরু অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।
বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন বলেও জানান তারা।
তারার আরও বলেন, একপর্যায়ে দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় অটোরিকশাটির গতিরোধ করেন স্থানীয়রা। এ সময় দলের দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও দুই নারীকে আটক করা হয়। পরে তাদের গরু ও অটোরিকশাসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ গরু ও অটোরিকশাসহ দুই নারীকে হেফাজতে নিয়েছে। পালিয়ে যাওয়া দুই পুরুষকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।