× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানারীপাড়ায় কালের সাক্ষী ‘সহমরণ সমাধি’ নিঃশব্দে দাঁড়িয়ে আছে

সাব্বির হোসেন, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৫:০৪ পিএম

বরিশালের বানারীপাড়া পৌর শহরে স্মৃতিচিহ্ন হিসেবে রয়েছে ‘সহমরণ সমাধি’ মঠ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বানারীপাড়া পৌর শহরে স্মৃতিচিহ্ন হিসেবে রয়েছে ‘সহমরণ সমাধি’ মঠ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বানারীপাড়ায় প্রাচীন সতীদাহ প্রথার স্মৃতিচিহ্ন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ‘সহমরণ সমাধি’ মঠ। অন্ধকার যুগের ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও নারীর প্রতি নির্মমতার এক বেদনাদায়ক ইতিহাসের সাক্ষ্য বহন করছে প্রায় দুই শত বছরের পুরোনো এই স্থাপনা।

বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ঘোষের বাড়ির পুকুরপাড় ও সড়কের পাশে অবস্থিত প্রাচীন এই ‘সহমরণ’ মঠটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় মঠটি সংরক্ষণ ও সংস্কারে সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রাচীন সতীদাহ প্রথায় স্বামী মারা গেলে অনেক ক্ষেত্রে স্ত্রীকেও স্বামীর চিতায় সহমরণে যেতে বাধ্য করা হতো। সেই ভয়াবহ প্রথার স্মৃতিচিহ্ন হিসেবেই মঠটি নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়।

স্থানীয়রা জানান, একসময় মঠটির গায়ে একটি নামফলক খোদাই করা ছিল। পরে কে বা কারা সেটি সরিয়ে সেখানে একটি টিনের সাইনবোর্ড লাগিয়ে দেয়। ওই সাইনবোর্ডে লেখা রয়েছেÑ ‘সহমরণ সমাধি, স্থাপিত ১৮৪৩ খ্রিষ্টাব্দ’। তবে স্থাপনাটির প্রকৃত নির্মাণকাল ও ইতিহাস নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত রয়েছে।

স্থানীয় বাসিন্দা শ্যামল চন্দ্র দাস বলেন, প্রায় ২০০ বছর আগে ঘোষ পরিবারের ধর্ম নারায়ণ ঘোষ মারা গেলে পারিবারিক শ্মশানে তার সৎকার করা হয়। সে সময়কার প্রচলিত রীতি অনুযায়ী একই চিতায় তার স্ত্রী হেমলতা ঘোষকেও সহমরণে যেতে হয়েছিল বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে।

তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, স্বামী ধর্ম নারায়ণ ঘোষের মৃত্যুর পর স্ত্রী হেমলতা শোক সহ্য করতে না পেরে স্বেচ্ছায় আত্মহননের পথ বেছে নিয়েছিলেন।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তরুণ ঘোষ বলেন, ধর্ম নারায়ণ ঘোষ ও তার স্ত্রী হেমলতা ঘোষের সহমরণের স্মৃতি ধরে রাখতেই সেখানে এই মঠ নির্মাণ করা হয়। তারা তার পূর্বপুরুষের পরিবারের সদস্য এবং সম্পর্কে দাদু-দিদা হন।

তিনি বলেন, আমাদের পরিবার দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিক নিদর্শনটি রক্ষণাবেক্ষণ করে আসছিল। বর্তমানে আমরা সপরিবারে বরিশাল শহরে বসবাস করায় মঠটি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে।

বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার বলেন, সতীদাহ প্রথা ছিল নারীদের প্রতি চরম নিষ্ঠুরতা ও বর্বরতার একটি অধ্যায়। সেই অন্ধকার সময়ের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে প্রাচীন এই সহমরণ মঠটি সংরক্ষণ করা জরুরি। কিন্তু দীর্ঘদিনের অযত্নে প্রাচীন স্থাপনাটি ধ্বংসের মুখে।

স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারাও ঐতিহাসিক স্থাপনাটি সরকারি উদ্যোগে সংরক্ষণ ও সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, যথাযথভাবে সংরক্ষণ করা হলে এটি বানারীপাড়ার ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে নতুন প্রজন্ম ও দর্শনার্থীদের কাছে তুলে ধরা সম্ভব।

বানারীপাড়া উপজেলা ইউএনও বায়েজিদুর রহমান বলেন, পৌর শহরে অবস্থিত প্রাচীন মঠটির বিষয়ে আমার জানাশোনা রয়েছে। বিভিন্ন সময় দেশ-বিদেশ থেকে পর্যটক ও ইতিহাসবিদরা কালের সাক্ষী এই নিদর্শনটি দেখতে বানারীপাড়ায় আসেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এটি সংস্কার ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপমহাদেশের ইতিহাসে সতীদাহ প্রথা একটি বিতর্কিত ও বেদনাদায়ক অধ্যায়। এ প্রথায় স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর চিতায় জীবন্ত দাহ করার ঘটনা ঘটত। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় এ প্রথাকে ‘সহগমন’, ‘সহমরণ’ বা ‘সতীদাহ’ নামে উল্লেখ করা হয়েছে।

‘সতী’ শব্দটি হিন্দু পুরাণের দেবী সতীর নাম থেকে এসেছে বলে প্রচলিত ধারণা রয়েছে। পুরাণের কাহিনিতে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে সতী আত্মহনন করেন। পরবর্তী সময়ে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর চিতায় আরোহণের প্রথার সঙ্গে ‘সতী’ ধারণাটি যুক্ত হয়।

ব্রিটিশ শাসনামলে উপমহাদেশে সতীদাহ প্রথা নিয়ে ব্যাপক বিতর্ক ও সংস্কার আন্দোলন গড়ে ওঠে। শেষ পর্যন্ত ১৮২৯ সালে তৎকালীন ব্রিটিশ ভারত সরকার আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। ফলে একসময়কার এই ভয়াবহ সামাজিক প্রথা আইনিভাবে বন্ধ হলেও এর স্মৃতিচিহ্ন হিসেবে দেশের বিভিন্ন স্থানে কিছু পুরোনো স্থাপনা আজও ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে।

বানারীপাড়ার ‘সহমরণ সমাধি’ও তেমনই একটি প্রাচীন নিদর্শনÑ যা একদিকে অতীতের ইতিহাস বহন করছে, অন্যদিকে কুসংস্কার ও অমানবিকতার বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার সুযোগ তৈরি করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা