মো. আশরাফ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৪:৩৯ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাইপাস ও সংলগ্ন নিমতলা এলাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। যার কারণে এই গুরুত্বপূর্ণ স্থানে যানজট লেগেই থাকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একপাশের খানাখন্দে অচল চাকা, অন্যপাশে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা অ্যাম্বুলেন্সের সাইরেনÑ সীতাকুণ্ডের মহাসড়কে এখন এই চিত্রই প্রতিদিনের দৃশ্য। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরে যাতায়াতের মূল এই রুটটি এখন স্থানীয় বাসিন্দা ও চালকদের জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার বাইপাস ও সংলগ্ন নিমতলা এলাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টি হলেই জমে থাকছে পানি, যা দেখে বোঝার উপায় থাকে না রাস্তা কতটা বিপজ্জনক খাদ। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা; উল্টে যাচ্ছে পণ্যবাহী লরি ও যাত্রীবাহী গাড়ি।
দীর্ঘদিন ধরে চলা এই ভোগান্তিতে চরম হতাশ এলাকার সাধারণ মানুষ ও নিয়মিত যাতায়াতকারীরা। ধীরগতির যানজটে আটকে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন জরুরি চিকিৎসাসেবার জন্য যাওয়া মুমূর্ষু রোগীরা।
ভুক্তভোগী প্রাইভেটকার চালক রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সীতাকুণ্ডের এই রাস্তা দিয়ে এখন গাড়ি চালানো মানেই জীবনের চরম ঝুঁকি নেওয়া। সামান্য একটু গর্তের কারণে কাল রাতেও একটা লরি উল্টে গিয়ে ৪ ঘণ্টা জট লেগে ছিল। গাড়ি মেরামত করতেই মাসের অর্ধেক আয় শেষ হয়ে যায়, আমাদের এই কষ্ট দেখার যেন কেউ নেই”।
ভোগান্তির বিষয়টি কেবল চালকদের মধ্যেই সীমাবদ্ধ নয়; মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারাও পড়েছেন চরম বিপাকে। ধুলাবালি আর নিত্যদিনের যানজটে নাকাল তাদের স্বাভাবিক জীবনযাত্রা।
স্থানীয় অধিবাসীরা জানান, এটি শুধু কোনো সাধারণ রাস্তা নয়, পুরো দেশের বাণিজ্যিক চলাচলের মূল ধমনী। বছরের পর বছর জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও করা হচ্ছে না কোনো স্থায়ী সমাধান। সামান্য বৃষ্টি হলেই রাস্তা ডোবায় পরিণত হয়, যা এখন এলাকার স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে সীতাকুণ্ডের সুশীল ও সচেতন মহল। তারা মনে করছেন, মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিম্নমানের কাজ ও সময়মতো তদারকি না করাই আজকের এই করুণ পরিস্থিতির মূল কারণ।
সংশ্লিষ্টরা বলেন, “সীতাকুণ্ড একটি গুরুত্বপূর্ণ শিল্প ও পর্যটন এলাকা। প্রতিদিন হাজার হাজার যানবাহন এখান দিয়ে যাতায়াত করে। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক মাসের পর মাস অবহেলায় পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত টেকসই সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে”।
যোগাযোগ করা হলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খানাখন্দের কারণে যানবাহন ধীরগতিতে চলায় যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশ সাধ্যমতো চেষ্টা করছেÑ যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং গাড়িগুলো অন্তত এক লাইনে সচল রাখা যায়। তবে টেকসই সংস্কার না হলে সড়কটিকে সম্পূর্ণ যানজটমুক্ত করা কঠিন”।
সার্বিক পরিস্থিতি ও জনভোগান্তির বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, মহাসড়কের এই অংশের বেহাল দশার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনভোগান্তি লাঘবে টেকসই সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।