× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাজমিনের শেষ যাত্রায় রাজু-সুমন, তদন্তে সামনে আসছে নতুন তথ্য

কুমিল্লা অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৯:০৩ এএম

গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাজমিন ও রাজু কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত তিনতলা একটি আবাসিক হোটেলে ওঠেন। ছবি: সংগৃহীত

গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাজমিন ও রাজু কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত তিনতলা একটি আবাসিক হোটেলে ওঠেন। ছবি: সংগৃহীত

ফেসবুকে পরিচয়, কক্সবাজারে যাত্রা, আবাসিক হোটেলে রাতযাপন এবং ফেরার পথে ধর্ষণ ও হত্যার শিকার ১৫ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সামনে আসছে একের পর এক নতুন তথ্য।

কক্সবাজারের একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’, বয়স ১৮ বছর। সেখানে রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে স্বামী হিসেবে পরিচয় দেওয়া হয়। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে কক্সবাজারে তাজমিনের অবস্থানের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

অন্যদিকে, কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরার পর সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার বিরুদ্ধে তাজমিনকে ধর্ষণ ও হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের আইফোনও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে তাজমিনের সঙ্গে রাজুর পরিচয়ের সময়কাল, কক্সবাজারে যাওয়ার কারণ, সেখানে অবস্থান এবং বাড়ি ফেরার আগে-পরে কী ঘটেছিল- এসব বিষয় নিয়ে পরস্পরভিন্ন তথ্য সামনে এসেছে। পুরো ঘটনা নিশ্চিত করতে পুলিশ কললিস্টসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করছে।

হোটেলের রেজিস্টারে নাম ‘তানজু আক্তার’

কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত তিনতলা একটি আবাসিক হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাজমিন ও রাজু হোটেলটির ৩০২ নম্বর কক্ষে ওঠেন। সেখানে তাজমিনের নাম লেখা হয় ‘তানজু আক্তার’, বয়স ১৮ বছর। তাকে রাজুর স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। রেজিস্টারে রাজুর পরিচয় দেওয়া হয়েছে বান্দরবানের লামা এলাকার মনির আহমদের ছেলে হিসেবে।

হোটেলটির এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত থাকার পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। হোটেলের রেজিস্টারে রাজুর দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর লেখা রয়েছে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রাজুর ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথা বলে কক্সবাজারে তাজমিনের অবস্থানের তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে হোটেলে পরিচয় গোপন করে নাম ও বয়স লেখানোর বিষয়টি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কার কী ভূমিকা ছিল, তা তদন্তে করছে পুলিশ।


পরিচয় ১৭ দিন, নাকি পাঁচ মাস আগে?

তাজমিনের সঙ্গে রাজুর পরিচয় কত দিন আগে হয়েছিল, তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। রাজুর এক সহকর্মীর ভাষ্য অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় প্রায় ১৭ দিন আগে। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে রাজুর ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের প্রথম পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে প্রায় তিন বছর ধরে কাজ করছেন বলে জানিয়েছেন তার ওই সহকর্মী।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তাজমিনের ঝগড়া হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়। সেখান থেকে মুঠোফোনে রাজুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিকাশের মাধ্যমে তাজমিনকে ৫০০ টাকা পাঠান বলে সূত্রটি দাবি করেছে।

বাসের টিকিট কেটে তুলে দেন রাজু

কক্সবাজারের প্যানোরামিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির কর্মী আবদুল্লাহর ভাষ্য অনুযায়ী, ৬ অক্টোবর রাত ৮টার পর এক তরুণ ও এক তরুণী তাদের কাউন্টারে আসেন। তাঁদের একজন পরদিনের বাসের টিকিট কেনেন। ৭ অক্টোবর দুপুরের দিকে আইকনিক এক্সপ্রেসের একটি বাস কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে যায়।

তাজমিনের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর আবদুল্লাহ ওই তরুণীকে তাজমিন হিসেবে শনাক্ত করেন বলে জানা গেছে। রাজুর এক সহকর্মীর দাবি, রাজু নিজেই তাজমিনের জন্য বাসের টিকিট কেটে তাকে বাসে তুলে দেন। টিকিটের দাম ছিল ৯০০ টাকা বলে ওই সহকর্মী জানিয়েছেন।

তবে টিকিটটি কার নামে কাটা হয়েছিল, যাত্রীর পরিচয় কীভাবে যাচাই করা হয়েছিল এবং বাসে ওঠার সময় তাজমিনের সঙ্গে কে ছিলেন তা এখনও জানা যায়নি।

মায়ের সঙ্গে শেষ কথা ৮ অক্টোবর বিকেলে

তাজমিনের মা কেয়া খাতুন জানিয়েছেন, ৮ অক্টোবর বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন এক বান্ধবীর সঙ্গে থাকার কথা জানিয়েছিল। বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলে তাজমিন তা জানায়নি বলে মায়ের ভাষ্য।

মা আরও জানান, মেয়ের বন্ধুবান্ধব ও চলাফেরা নিয়ে তিনি আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন। নিরাপত্তার চিন্তায় প্রায় ছয় মাস ধরে তাজমিনকে স্কুলে যেতে দেননি বলেও জানান তিনি।

পদুয়ার বাজারে বাস থেকে নেমে সিএনজিতে ওঠা

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামে তাজমিন। এরপর বাড়ি ফেরার জন্য সে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে।

পুলিশের অভিযোগ, অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫) তাজমিনকে গন্তব্যে না নিয়ে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ৯ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া এলাকার একটি ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় করা হত্যা মামলায় সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের আইফোন উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।

অটোরিকশায় ওঠার পরও রাজুর সঙ্গে কথা হচ্ছিল

রাজুর এক সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় ফেরার পথে অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রাজুর মুঠোফোনে কথা হচ্ছিল। অটোরিকশাচালকের বিস্তারিত তথ্যও তাজমিন তাকে জানিয়েছিল বলে ওই সহকর্মীর দাবি।

তার ভাষ্য, রাত দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাজমিনের ধর্ষণ ও হত্যার খবর দেখে রাজু স্তম্ভিত হয়ে পড়েন বলে সহকর্মী জানিয়েছেন।

ঘটনার পর রাজু ছুটিতে রয়েছেন এবং তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলেও ওই সহকর্মীর বক্তব্য। তাজমিন হত্যাকাণ্ডে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে রাজু তার সহকর্মীর কাছে দাবি করেছেন।

কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করছে পুলিশ

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিনের মুঠোফোনের কললিস্টসহ অন্যান্য বিষয় নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে ঘটনার বাকি তথ্য জানা যাবে।

তাজমিনের কক্সবাজার যাত্রা, হোটেলে অবস্থান, বাসে করে কুমিল্লায় ফেরা এবং অটোরিকশায় ওঠার পরের ঘটনাপ্রবাহ নির্ভুলভাবে প্রতিষ্ঠা করা এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ, বাসের টিকিট ও যাত্রীসংক্রান্ত নথি, মুঠোফোনের কললিস্ট, লোকেশন এবং অন্যান্য আলামত যাচাইয়ের মাধ্যমে ঘটনার ধারাবাহিকতা স্পষ্ট হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা