বগুড়া অফিস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২১:১৮ পিএম
বগুড়ার একটি ইটভাটায় ঝালাই মেশিন চুরির অভিযোগে এক সাঁওতাল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার একটি ইটভাটায় ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপন মুর্মু (২৭) নামের এক সাঁওতাল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মারধরের পর রাতে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে মরদেহটি আবার বগুড়ায় নিয়ে আসা হয়।
রিপন মুর্মু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলোয়া বামনপাড়া গ্রামের মোজেস মুর্মুর ছেলে। তিনি ৮ থেকে ১০ বছর ধরে বগুড়া সদরের চানপাড়া এলাকায় আক্তার রহমান ডিউকের ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। রিপনের বাবা মোজেস মুর্মু বলেন, একটি ঝালাই মেশিন চুরির অভিযোগে গত শনিবার সকালে সালিশে আমার ছেলেকে মারধর করা হয়। পরে রাতে একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
ঘোড়াঘাটের পালশা ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, রিপনের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ইটভাটার পাশের একটি দোকান থেকে ঝালাই মেশিন চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছিল। রবিউলের অভিযোগ, ঝালাই মেশিনের দোকানি রেজাউল করিম এবং স্থানীয় সাবেক এক চেয়ারম্যানের ছেলে আবু তালহা সেলিমের নেতৃত্বে রিপনকে মারধর করা হয়। পরে ইটভাটার যে গ্যারেজে সে থাকত, সেখানে সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে তারা রেজাউল করিম ও আবু তালহাকে পাননি। তাদের পালিয়ে যাওয়ার কথা জানতে পেরেছেন।
মরদেহ পরিবহনকারী অ্যাম্বুলেন্সের চালক সিয়াম আহমেদ বলেন, শুক্রবার রাত ৯টার দিকে আবু তালহা সেলিম তাকে অ্যাম্বুলেন্স নিয়ে চানপাড়ায় যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর রিপনের মরদেহ গাড়িতে তুলে তার বাড়িতে নিয়ে যেতে বলা হয়। তবে বাড়িতে নেওয়ার পর পরিবারের কেউ মরদেহ গ্রহণ করেননি। পরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে মরদেহটি হাসপাতালে নিয়ে আসতে বলে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, শুক্রবার সকালে ঝালাই মেশিন চুরির অভিযোগে কিছু লোকজন রিপনকে মারধর করে। পরে রাতে তিনি যে পরিত্যক্ত ঘরে থাকতেন, সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।