প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২১:১৩ পিএম
প্রতিকী ছবি
পটুয়াখালীতে এসএসসি শিক্ষার্থী ও ময়মনসিংহের গৌরীপুরে সৎমার হাতে আড়াই বছরের শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
পটুয়াখালী : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে পড়ে ছিল শিক্ষার্থী আব্বাস সিকদারের ক্ষতবিক্ষত মরদেহ। ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। শুক্রবার রাতে পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নে ইপিজেড এলাকায় মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্বাস আউলিয়াপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। সে আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বিতীয়বার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আব্বাসের শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
গৌরীপুর (ময়মনসিংহ) : পানির সঙ্গে বিষ মিশিয়ে সতিনের আড়াই বছরের শিশু ওয়াসকুরুনি ইসলামকে হত্যা করেছেন সৎমা আকলিমা বেগম। হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন আকলিমা। ময়মনসিংহে শুক্রবার আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।
এ ঘটনা ঘটে গত মঙ্গলবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামে। বৃহস্পতিবার এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের মা শেফালী বেগম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন। গৌরীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে নিহতের বাবা আব্দুল কাদির ও আকলিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়।