প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২১:১০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ২১:১১ পিএম
লালমনিরহাট সদরের গোকুণ্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালাপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ ছয়জনের করুণ মৃত্যু হয়েছে। জামালপুরে বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূ, কক্সবাজারে টেকনাফে অটোরিকশা-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন এবং লালমনিরহাটে সিমেন্টবাহী ট্রাকের চাপায় প্রাণ হারালেন দুই নারী। প্রতিবেদকদের পাঠানো খবর—
বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরে বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিলক্ষিয়ার ঠাকুরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলীর স্ত্রী উফেজা বেগম (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪০)। স্থানীয়রা জানায়, গতকাল সকালে বকশীগঞ্জ হয়ে রৌমারীগামী শান্তি পরিবহনের একটি বাস ঠাকুরপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, হেলপার মহিনউদ্দিনকে আটকসহ বাসটি জব্দ করা হয়েছে।
কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যংয়ে যাত্রীবাহী অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতসহ চারজন আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন রামু দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা এলাকার কেফায়েত উল্লাহর ছেলে অটোরিকশার চালক এনায়েত উল্লাহ (২৪) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষার পণ্ডিতপাড়ার বাসিন্দা ফেরিওয়ালা সজীব আলী (২৫)। আহতরা হলেন হেলাল উদ্দিন, রুজিনা আক্তার, আনোয়ারা বেগম প্রমুখ। তারা সবাই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ পরিদর্শক নুরুল আবছা বলেন, সকালে টেকনাফের কেরুনতলী এলাকায় হোয়াইক্যং স্টেশনমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড় দুটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত এবং চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট : প্রাতর্ভ্রমণে বের হয়ে হাঁটা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় প্রাণ হারালেন দুই নারী। শনিবার ভোরে লালমনিরহাট সদরের গোকুণ্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালাপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের বালাপাড়ার আজিজারের স্ত্রী জহিলা বেগম (৫৫) এবং একই এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই দুই নারী প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।