কুমারখালী (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:৪৯ পিএম
কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত বাউলসম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স থেকে মোট ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত বাউলসম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়েছে। দানবাক্স থেকে মোট ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আখড়াবাড়ির মাজারের ভেতরে ও বারান্দায় থাকা দুটি সিন্দুক খোলা হয়। সাধারণত স্থানীয় প্রশাসন ও লালন একাডেমি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছয় থেকে সাত মাস পর পর দানবাক্স খোলা হয়। ভক্তদের দেওয়া মানত ও দানের টাকা গণনা শেষে লালন একাডেমির নির্ধারিত তহবিলে জমা রাখা হয়।
প্রতিবছর জেলা প্রশাসন ও লালন একাডেমির প্রতিনিধিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হলেও এবার সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সামনে দানবাক্স খোলা এবং টাকা গণনার কার্যক্রম পরিচালনা করা হয়। এর আগে গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া যায়। পরে লালন স্মরণোৎসবের পর দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ প্রশাসনের কর্মকর্তা ও লালন একাডেমির সদস্যরা।
কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও নাভিদ সারওয়ার বলেন, ‘সাধারণত বছরে দুইবার দানবাক্স খোলা হয়। প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর।’ গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে বুঝে নেওয়া হয়েছে। এসব টাকা লালন একাডেমির তহবিলে জমা দেওয়া হবে।’