মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:৪৪ পিএম
সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদে নামাজ পড়তে গিয়ে সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে গেছে। শনিবার দুপুরে সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু মোবাইল ফোন হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুরে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। হারিয়ে যাওয়া ফোনটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলের। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও ফোনটির সন্ধান না পেয়ে ওই দিন রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সাইফুল হক মোল্লা দুলু জেলা শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা। তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ও জরুরি যোগাযোগের জন্যও তিনি ফোনটি ব্যবহার করতেন। গুরুত্বপূর্ণ এই মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ায় প্রয়োজনীয় যোগাযোগ, ব্যক্তিগত তথ্য এবং পেশাগত কার্যক্রম নিয়ে ভোগান্তিতে পড়েছেন তিনি।
এ বিষয়ে সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু বলেন, ‘শুক্রবার দুপুরে শহীদি মসজিদ এলাকায় আমার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ফোনটি পাইনি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কেউ ফোনটির সন্ধান পেলে আমাকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, মোবাইল ফোন হারানোর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হারানো মোবাইল ফোনটি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’