খুলনা অফিস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:২২ পিএম
ফাইল ফটো
খুলনা নগরে ছিনতাইকারীদের হামলার এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হওয়ার পর রাতে একা চলাচল না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। গত শুক্রবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাপত্রে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এসব অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হচ্ছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং রাতে একা চলাচল না করতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিট ইনচার্জদের বলা হয়েছে। আদেশের অনুলিপি পুলিশের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে তাদের এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। তিনি রিকশায় করে বাসায় ফিরছিলেন। তার কাছে দুটি মুঠোফোন ও একটি ওয়ালেট ছিল।
পুলিশ সুপার আরও বলেন, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিরাপত্তার কথা বিবেচনা করে রাতে একা চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যাতে নতুন করে আরও কোনো পুলিশ কর্মকর্তারা যেন এ ধরনের হামলার শিকার না হন।
এর আগে গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী রোডে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারদের হামলার শিকার হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। ধারালো চাপাতির কোপে গুরুতর আহত তাকে প্রথমে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই ঘটনার পর অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক এসআই বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।