রাজশাহী অফিস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:১৪ পিএম
রাজশাহীতে সমন্বিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), এইচপিভি টিকাদান, ই-ট্র্যাকার এবং স্বাস্থ্য কর্মসূচি পর্যালোচনার লক্ষ্যে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, ৪০ শতাংশ চিকিৎসকের পদ শূন্যসহ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত বেড এবং যন্ত্রাংশের ঘাটতি রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন।
একই সঙ্গে হাসপাতালগুলোয় বেড এবং যন্ত্রাংশ বাড়ানো হচ্ছে। এতে বিগত ছয় মাসে স্বাস্থ্য খাতের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে।
রাজশাহীতে সমন্বিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), এইচপিভি টিকাদান, ই-ট্র্যাকার এবং স্বাস্থ্য কর্মসূচি পর্যালোচনার লক্ষ্যে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
শনিবার রাজশাহীর ‘হোটেল এক্স’-এ কর্মশালার আয়োজন করে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালকের কার্যালয়। রাজশাহী বিভাগের স্বাস্থ্যের পরিচালক ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
দেশে ২০১৯ ও ২০২১ সালে চলতি বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর ঘটনা বেশি ছিল জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, বর্তমান সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে। হামে মৃত্যুর হার কমাতে চিকিৎসকরা কাজ করছেন। ২ কোটির বেশি শিশুর টিকা দেওয়া হয়েছে।
এখনও ক্যাম্পেইন চলছে। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।