নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:৪৪ পিএম
নেছারাবাদের মেসন্ডায় গ্রাম্য পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় চারটি গর্ভবতী ছাগল মারা যাওয়ার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুর নেছারাবাদের মেসন্ডায় গ্রাম্য পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় চারটি গর্ভবতী ছাগল মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় পৌনে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভ্যানচালক শহিদুল ইসলাম।
এ ঘটনায় অভিযুক্ত পশু চিকিৎসক মো. সোহেলের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। গত শুক্রবার বিকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হঠাৎ ছাগলগুলো অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয় গ্রাম্য পশু চিকিৎসক মো. সোহেলের শরণাপন্ন হন। অভিযোগ অনুযায়ী, চিকিৎসক অসুস্থ ছাগলগুলোকে একাধিক ইনজেকশন ও কৃমিনাশক ওষুধ প্রয়োগ করেন। এর পরপরই তিনটি ছাগল কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। অপর ছাগলটিও গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য গৌতম পাল চাংকি বলেন, গ্রামে কিছু ব্যক্তি যথাযথ প্রশিক্ষণ ছাড়াই গবাদি পশুর চিকিৎসা দিয়ে আসছেন। বিষয়টি প্রশাসনের নজরে নেওয়া প্রয়োজন। তবে অভিযোগ অস্বীকার করে গ্রাম্য পশু চিকিৎসক মো. সোহেল বলেন, ছাগলগুলোর পিপিআর রোগ হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ছাগলগুলোর পাতলা পায়খানা হওয়ায় কৃমিনাশক ওষুধ দেওয়া হয়েছিল, ওই ওষুধে ছাগল মারা যাওয়ার কথা নয়।
নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ বলেন, ছাগলগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতে নমুনা পরীক্ষা করতে হবে। নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান বলেন, অভিযোগের তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।