× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে এক কুকুরের কামড়ে ১০ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:১৩ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ১৯:২১ পিএম

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নসহ আশেপাশের ১০টি গ্রামে একটি পাগলা কুকুরের বেপরোয়া তাণ্ডবে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ আহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র ভয় ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর থেকে হঠাৎ করেই একটি উগ্র ও হিংস্র কুকুর শঠিবাড়ী শিশু নিকেতন এলাকা থেকে শুরু করে চিথলী মধ্যপাড়া, শীতলগাড়ী, রামপুরা ও চিথলী দক্ষিণ পাড়াসহ সংলগ্ন ১০টি গ্রামের বিভিন্ন সড়কে তাণ্ডব চালাতে শুরু করে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী, গৃহস্থালির কাজে ব্যস্ত নারী এবং মাঠে খেলাধুলা করা শিশুদের ওপর অতর্কিত আক্রমণ চালায় কুকুরটি। চোখের পলকে একের পর এক মানুষকে কামড়ে ও আঁচড়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করে ফেলে সে। পরে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে ধাওয়া করলে কুকুরটি পালিয়ে যায়।

আহতরা হলেন- আল ফারুক, সেলিনা বেগম (৩৩), শীতলগাড়ী গ্রামের শিশু লাবিব (৫), লাবিব (২৫), শফিউল (৩২), হাসেম (২৮), ফাহিম (১৮), সানজিদা (১১) এবং মাসুদ রানা (২৭)। অন্য আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কুকুরটি লাফিয়ে এসে তাদের শরীরে কামড় বসিয়ে দেয়। এই আকস্মিক হামলার পর থেকে ছোট বাচ্চাদের ঘরের বাইরে পাঠাতে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় অভিভাবকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামিয়াবী দৃষ্টি জানান, শুক্রবার দুপুরের পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে একের পর এক রোগী হাসপাতালে আসা শুরু করেন। এ পর্যন্ত প্রায় ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

তিনি জানান, অনেক রোগীর শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে। তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা, ক্ষতের পরিচর্যা এবং র‍্যাবিস (জলাতঙ্ক) প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন রয়েছে, আমরা সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ বিভাগের চিকিৎসক ডা. এম.এ হালিম লাভলু জানান, হাসপাতালে ৩৫-৪০ জন রোগী কুকুরের কামড় নিয়ে আসেন। এর মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন, আশঙ্কাজনক ও গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে মিঠাপুকুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের। খবর পাওয়ার পর থেকেই আমরা সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছি। সাধারণত জলাতঙ্ক বা অন্য কোনো অসুস্থতার কারণে কুকুর এ ধরনের উগ্র আচরণ করে থাকে। ইউনিয়ন পর্যায়ে বেওয়ারিশ ও ক্ষতিকারক কুকুর নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা