বগুড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৭:০১ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ১৭:৩৪ পিএম
বগুড়া মহানগরীর চেলোপাড়া নববৃন্দাবন হরিবাসর প্রাঙ্গনে চলছি প্রতিমা নির্মাণের কাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এ বছর বগুড়া জেলায় ৭২৮টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে ১০৬টি মণ্ডপকে অতি ঝুঁকিপূর্ণ এবং ৩২৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। অর্থাৎ জেলার ৬০ শতাংশ মণ্ডপই অতি ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব মণ্ডপে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত বছর জেলায় ৬৮৬টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল। সে হিসাবে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪২টি, অর্থাৎ প্রায় ৬ শতাংশ। গত বছর অতি ঝুঁকিপূর্ণ মণ্ডপ ছিল ১০৪টি। এবার তা বেড়ে হয়েছে ১০৬টি। অন্যদিকে গত বছর ঝুঁকিপূর্ণ মণ্ডপ ছিল ৩২৯টি, এবার তা এক কমে হয়েছে ৩২৮টি। দুই শ্রেণি মিলিয়ে গত বছর ঝুঁকিপূর্ণ মণ্ডপ ছিল ৪৩৩টি, এবার তা ৪৩৪টি।
তবে মোট মণ্ডপের সংখ্যা বাড়ায় ঝুঁকিপূর্ণ মণ্ডপের অনুপাত কমেছে। গত বছর অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপ মিলিয়ে মোট মণ্ডপের প্রায় ৬৩ শতাংশ ছিল। এবার তা কমে প্রায় ৬০ শতাংশ হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ মণ্ডপের হারও গত বছরের প্রায় ১৫ দশমিক ২ শতাংশ থেকে কমে এবার প্রায় ১৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপের হার কমেছে প্রায় ৪৮ শতাংশ থেকে ৪৫ শতাংশে।
জেলা পুলিশের উপজেলা-ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বগুড়া সদর উপজেলায় ১১৯টি মণ্ডপের মধ্যে ২৩টি অতি ঝুঁকিপূর্ণ এবং ৬৬টি ঝুঁকিপূর্ণ। শাজাহানপুরে ৪৮টি মণ্ডপের মধ্যে কোনোটি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়নি। তবে ২৩টি ঝুঁকিপূর্ণ। শিবগঞ্জে ৬৪টির মধ্যে ৫টি অতি ঝুঁকিপূর্ণ ও ৪৪টি ঝুঁকিপূর্ণ।
গাবতলীতে ৮৪টি মণ্ডপের মধ্যে ১০টি অতি ঝুঁকিপূর্ণ ও ২২টি ঝুঁকিপূর্ণ। সোনাতলায় ৪৯টির মধ্যে ১২টি অতি ঝুঁকিপূর্ণ ও ১২টি ঝুঁকিপূর্ণ। আদমদীঘিতে ৬৯টির মধ্যে ১৪টি অতি ঝুঁকিপূর্ণ ও ৩২টি ঝুঁকিপূর্ণ মণ্ডপ রয়েছে।
দুপচাঁচিয়ায় ৪৫টি মণ্ডপের মধ্যে ৭টি অতি ঝুঁকিপূর্ণ এবং মোট ১৬টি ঝুঁকিপূর্ণ। কাহালুতে ৪২টির মধ্যে ৩টি অতি ঝুঁকিপূর্ণ ও ১৮টি ঝুঁকিপূর্ণ। নন্দীগ্রামে ৪৮টির মধ্যে ৪টি অতি ঝুঁকিপূর্ণ ও ৩৮টি ঝুঁকিপূর্ণ মণ্ডপ রয়েছে।
শেরপুরে ৯৪টি মণ্ডপের মধ্যে ১৮টি অতি ঝুঁকিপূর্ণ ও ৩৪টি ঝুঁকিপূর্ণ। ধুনটে ৩৪টির মধ্যে ৫টি অতি ঝুঁকিপূর্ণ ও ১২টি ঝুঁকিপূর্ণ। সারিয়াকান্দিতে ২৮টি মণ্ডপের মধ্যে ৫টি অতি ঝুঁকিপূর্ণ ও ১১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দেবেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি থাকবে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে।
বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, “এ বছর জেলায় ৭২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার জন্য মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে”।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, “পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ, এসআরবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”।