সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৬:০৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ১৬:২৭ পিএম
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর জায়গা দখল করে নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর, তাড়াইল, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, ভৈরব ও করিমগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র, নরসুন্দা, সূতি ও চরতালজাঙ্গা নদীসহ ১৫টি খাল ও ডোবার অন্তত শতাধিক একর সরকারি জমি স্থানীয় শতাধিক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন।
এসব দখলবাজরা সরকার নিয়ন্ত্রিত ১ নম্বর খাস খতিয়ানভুক্ত নদী, খাল ও ডোবার জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন। সম্প্রতি কিশোরগঞ্জ জেলা প্রশাসন এসব অবৈধ দখলকারীদের একটি নামের তালিকা তৈরি করেছে। তালিকায় দেখা যায়, কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর ৯১৮৮ ও ১২১৬০ দাগের বিপুল পরিমাণ খাস জমি অন্তত ২১ জন প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন। এরা হচ্ছেন- সদরের মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী গ্রামের শাহেদ মিয়া, গোমেজ আলী, মাইনুল ইসলাম, রমজান আলী, তাহেরউদ্দিন, মোহাম্মদ নাঈম, ছাইদুর রহমান, মোবারক হোসেন মুকুল, আগপাড়া গ্রামের হাবিব মিয়া, মাইজখাপন ইউনিয়নের ইসলামপুর গ্রামের রহম আলী, মজুমদারপাড়া গ্রামের রবিউল আউয়াল, কাচারিপাড়া গ্রামের খোকন মিয়া, সজল মিয়া, ভাসানীপাড়া গ্রামের রিপন বর্মণ, বেপারিপাড়া গ্রামের তালে হোসেন, ফজর আলী, ফজলু মিয়া, উজ্জ্বল মিয়া, বেত্রাটি গ্রামের দুলাল মিয়া, ইজ্জত আলী ও করিমগঞ্জ উপজেলার মধ্য চানপুর গ্রামের আজিজুর রহমান।
তাড়াইল উপজেলার চরতালজাঙ্গা নদী ও সাচাইল মৌজাধীন সূতী নদীর ১৪১৪ এবং ৪৪১৭ নম্বর দাগের অনেক সরকারি জমি দখল করে নিয়েছেন চরতালজাঙ্গা গ্রামের আব্দুর রশিদ ও সাচাইল গ্রামের মেনু মিয়া এবং জিলু মিয়া।
হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্রের শাখা নদী ও বগারার খালভুক্ত দীপেশ্বর, ঢেকিয়া ও হাজীপুর মৌজার ৮৩০, ১৩০, ৩৫ ও ৩৬ নম্বর দাগের বিপুল পরিমাণ জমিও নিজেদের দখলে নিয়ে গেছেন সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। এরা হচ্ছেনÑ চরবিশ্বনাথপুর গ্রামের তাজউদ্দিন, কফিলউদ্দিন, ঢেকিয়া গ্রামের ফয়জুর রহমান, আবদুল কাদির, মওলানা আবদুল করিম, আবুল কালাম, ছিদ্দিক হোসেন, রাইসুল হাসান কেনেডি, আবদুল কাদির স্বপন, জিনারী গ্রামের হিরা মিয়া, রনু মিয়া, মোন্তাজ আলী, রিপন মিয়া, মাহবুব, হাসমত, হোসেন মেম্বার, টিনু মিয়া, পিপলাকান্দি গ্রামের বিল্লাল, আবদুল কাদির, হলিমা গ্রামের আবুল কালাম, হবি মিয়া, মেছেরা গ্রামের আবু সাঈদ, মহেশকুড়া গ্রামের সোহাগ মিয়া, গাবরগাঁওয়ের তোরাব আলী, আবুল খায়ের, রতন, সিরাজউদ্দিন প্রমুখ।
ভৈরব উপজেলার সরকারি খাস খতিয়ানভুক্ত রসুলপুর খালের ১১৮৯ ও ৮৮৯ নম্বর দাগের বিপুল পরিমাণ সরকারি ভূমি দখল করেছেন রসুলপুর গ্রামের হামিদ মিয়া, ছেতু মিয়া, ফজলুল হক, হেলিম মিয়া, কালাম মিয়া, মঞ্জু মিয়া, নূরু মিয়া, মো. হানিফ, হুমায়ুন কবির, মাজেদ বেপারী, ছিদ্দিক মিয়া, নূরুল হক, হাবিবুর রহমান ও নূরুল হক মুন্সি। এছাড়া খালের ভূমি দখল করে সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং রসুলপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাও নির্মাণ করা হয়েছে।
করিমগঞ্জ উপজেলার গাবতলী বাজার সংলগ্ন নরসুন্দা খাল ও সাকুয়া খালের অন্তর্ভুক্ত কিরাটন, বারঘরিয়া ও সাকুয়া মৌজার ৫২৬৮, ৬৮১৩ ও ১৫৮২ নম্বর দাগের প্রচুর সরকারি জমি দখল করে রেখেছেন কিরাটন গ্রামের আবদুল খালেক, ফজলুর রহমান, বাদল মিয়া, বারঘরিয়া গ্রামের হাদিস মিয়া, সাকুয়া পাতালগোপ গ্রামের হাজী চান মিয়া, আমিরউদ্দিন ও আবদুর রশিদ।
জেলার সবচেয়ে বেশি দখলবাজ চিহ্নিত হয়েছে বাজিতপুর উপজেলায়। এ উপজেলার তেজখালী খাল, ছিলুমখালী খাল, পুরাতন ব্রহ্মপুত্র, জোয়ারিয়াকালা সূতিরপাড় সরকারি ডোবা, মহিষখালী খাল, মিয়াবাড়ির খাল ও জফরপুর পশ্চিমপাড়া খালের বিরাট অংশ দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। মিরাপুর হিলচিয়া মৌজার দাগ নম্বর ১১৫, ১১৮, ৫০১, ২১০, ২১১, বাজিতপুর চন্দ্রগ্রাম মৌজার ১০৩২, ১০৩৭, পিরিজপুর মৌজার ৭৩৬৪, ১৪১২৮, ডুয়াইগাঁও মৌজার ২১৭৩, ২১৭৪, ৮৭ ও জফরপুর মৌজার ১৬২১ দাগের কয়েক একর সরকারি জমি অবৈধভাবে দখল করে সেখানে নিজেদের রাম-রাজত্ব কায়েম করেছেন স্থানীয় ভূমিখেকো প্রভাবশালীরা। এসব দখলবাজরা হচ্ছেনÑ উত্তর মিরাপুর গ্রামের শিশু মেম্বার, ভান্ডা গ্রামের জামাল মেম্বার, মধ্য মিরাপুরের আবদুর রহিম, সনজিত, মজলিশপুর গ্রামের মিয়াচান, মনির হোসেনের স্ত্রী রুমা খাতুন, আঙ্গুর মিয়া, নিলখী গ্রামের আনোয়ারউদ্দিন খান, সরারচর বাজারের স্বপন দেবনাথ, নয়াহাটির সোনা মিয়া, চান মিয়া, আলিয়াবাদ গ্রামের মিল্টন, পালপাড়ার মৃদুল সাহা, রামপ্রসাদ সাহা, বসন্তপুরের হাজী জানে আলম, নান্দিনা গ্রামের বাবুল মিয়া, ফরিদ মিয়া, শিমুলতলার মিলন মিয়া, পশ্চিম পিরিজপুর গ্রামের নূর হোসেন, ফালু মিস্ত্রী, আঙ্গুর মিয়া, শামসু মিয়া, জোয়ারিয়া কালাসূতী গ্রামের খুর্শিদ মিয়া, ছন্দু মিয়া, কুলিয়ারচর উপজেলার দশকাহনিয়া গ্রামের বাসু মিয়া, ডুয়াইগাঁও নোয়াপাড়া গ্রামের মাইনউদ্দিন, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, শান্ত মিয়া, রনি মিয়া, কামাল মিয়া, গোথালিয়া গ্রামের পরেশ চন্দ্র সন্ন্যাসী, অধীর চন্দ্র সন্ন্যাসী এবং জফরপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইসমাইল। চিহ্নিত এসব অবৈধ দখলকারীরা দীর্ঘদিন ধরে নদী, খাল ও ডোবার সরকারি জমি দখল করে রাখলেও এদের উচ্ছেদের ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনো গরজ নেই। কিশোরগঞ্জের জেলা প্রশাসনের একটি সূত্র বলেন, ইতোমধ্যে দখলদারদের নামের তালিকা তৈরি করে জাতীয় নদী রক্ষা কমিশনে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। জানা যায়, বাজিতপুরে প্রায় পাঁচ বছর আগে অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ ঘটনার কয়েকদিন পর আবারও নদী দখল করে নেয় নদীখেকোরা।

পরিবেশবাদী আন্দোলনকর্মী, পরিবেশ আন্দোলন বাপার জেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইফুল জুয়েল বলেন, জেলায় সবার চোখের সামনে নদী, খাল ও ডোবা প্রভাবশালীরা দখল করে নিয়েছে। অথচ জেলা প্রশাসন তা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি। চোখ বন্ধ করেছিল জেলা প্রশাসন। অথচ এই নদী ও জলাভূমিকে কেন্দ্র করেই এক সময় আমাদের সমাজব্যবস্থা গড়ে উঠেছিল। কিন্তু এখন সেই নদী ও জলাধার লোভী এবং দুর্বৃত্তের হাতে নিশ্চিহ্ন হওয়ার পথে। এই প্রবণতা রোধ করা না গেলে আমাদের সামাজিক শৃঙ্খলাই শুধু বিপন্ন হবে না, পরিবেশ-প্রতিবেশের ওপরও চরম বিপর্যয় নেমে আসবে। তিনি নদী ও জলাধার দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে নদী বিষয়ক অনলাইন পত্রিকা রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, নদী দখলকারীদের নামের তালিকা প্রকাশ করাই শেষ কথা নয়, এই দখলকারীদের হাত থেকে আমাদের নদী ও জলাশয়গুলোকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্বিকার ও নিশ্চুপ হয়ে থাকলে চলবে না। প্রশাসন যখন দখলকারীদের সরকারি জায়গা থেকে হঠাবে না, তখন প্রশাসন সম্পর্কে মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দেবে। তিনি বলেন, একটা কথা সবাইকে মনে রাখতে হবে যে, নদী ও জলাধার দুর্বৃত্তের হাতে তুলে দেওয়ার পরিণতি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুখকর হবে না। এ জন্য পরবর্তী প্রজন্মকে চড়া মূল্য দিতে হবে।
পরিবেশ আন্দোলনের নেতা ও জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু বলেন, নরসুন্দা নদীর সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিভিন্ন পরিবেশ সংগঠন। আন্দোলনের ফলশ্রুতি হিসেবে নদীর পরিবর্তে পেয়েছি লেকসিটি নামের সরু নালা। যা আমাদের অন্তরে নতুন যাতনার সৃষ্টি করেছে। আমরা নরসুন্দা নদীর দখলদারদের উচ্ছেদ করে, সেই খরস্রোতা ও বহমান নরসুন্দা নদীকে ফিরে পেতে চাই।
দখলদার শাহেদ মিয়া, গোমেজ আলী, মাইনুল ইসলাম, ভান্ডা গ্রামের জামাল মেম্বার, মধ্য মিরাপুরের আবদুর রহিম, সনজিত, মজলিশপুর গ্রামের মিয়াচান, মনির হোসেনের স্ত্রী রুমা খাতুন, আঙ্গুর মিয়াসহ অন্তত ২০ জন দখলদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, বাপ-দাদার আমল থেকে এসব জমি আমরা ভোগ-দখল করে আসছি। কখনও শোনেননি এগুলো সরকারি জমি। দীর্ঘদিন ধরে আমরা এসব জমি নানা ধরনের স্থাপনা তৈরি করে ভোগ-দখলসহ ভাড়া খাটাচ্ছি। এখন কি করবো বুঝতে পারছি না। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব বলেন, সবেমাত্র যোগদান করেছি। খোঁজ-খবর নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।