× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাথর কোয়ারি খোলার অপেক্ষায় শ্রমিকরা

ইফতেখার মাহমুদ পাভেল, কোম্পানীগঞ্জ (সিলেট)

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৪:১৭ পিএম

পাথর উত্তোলন চালু থাকা অবস্থায় শ্রমিকদের কর্মচাঞ্চল্য। ফাইল ছবি

পাথর উত্তোলন চালু থাকা অবস্থায় শ্রমিকদের কর্মচাঞ্চল্য। ফাইল ছবি

একসময় ভোর হলেই ভোলাগঞ্জের পাথর কোয়ারিতে শুরু হতো কর্মচাঞ্চল্য। নদীতে বারকি নৌকা, পাথর তুলতে ব্যস্ত থাকতেন শ্রমিকরা। ট্রাক-পিকআপের শব্দে মুখর থাকত সড়ক। পাথরের কেনাবেচাকে ঘিরে জমজমাট থাকত বাজার। সেই ভোলাগঞ্জ এখন অনেকটাই নীরব।

দীর্ঘদিন ধরে পাথর কোয়ারি বন্ধ থাকায় থেমে গেছে কর্মসংস্থানের বড় একটি ক্ষেত্র। কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। পাথরকে ঘিরে গড়ে ওঠা ব্যবসা-বাণিজ্যেও নেমেছে দীর্ঘস্থায়ী মন্দা।

স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীদের দাবি, ভোলাগঞ্জ, শাহ আরেফিন এবং উৎমা পাথর কোয়ারির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় দুই লাখ মানুষের জীবন-জীবিকা। কোয়ারি বন্ধের প্রভাব শুধু পাথর শ্রমিকের ঘরেই সীমাবদ্ধ নেই, এর ধাক্কা লেগেছে নৌকার মাঝি, ট্রাকচালক, পরিবহন শ্রমিক, পাথর ব্যবসায়ী, পাথর ভাঙার কলের শ্রমিক ও মালিক, যন্ত্রাংশ ব্যবসায়ী, হোটেল-রেস্তোরাঁসহ ছোট-বড় অসংখ্য ব্যবসায়ীর জীবনে।

কেউ পেশা বদলেছেন, কেউ ঋণের বোঝা মাথায় নিয়ে দিন কাটাচ্ছেন। আবার কেউ পরিবার চালাতে দূর-দূরান্তে পাড়ি জমিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীদের ভাষায়, পাথর কোয়ারি বন্ধ হওয়ার পর তাদের অনেকের ব্যবসা ঘুরছে না।

দোকান খোলা থাকলেও ক্রেতা নেই, বেচাকেনা নেই। একসময় যে বাজারে দিনের শুরু হতো ব্যস্ততায়, সেখানে এখন অনেক দোকানেই দিন কাটে অলসতায়। ভোলাগঞ্জ কোম্পানীগঞ্জের শ্রমিকদের কাছে পাথর শুধু একটি পণ্য নয়Ñ এটাই ছিল তাদের জীবিকার প্রধান অবলম্বন।

বছরের পর বছর এই কাজ করেই সংসার চলেছে তাদের। সন্তানদের পড়াশোনা, পরিবারের চিকিৎসা, ঘরবাড়ির খরচÑ সবকিছুর সঙ্গে জড়িয়ে ছিল কোয়ারির আয়। সেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

সাদ্দাম হোসেন নামের স্থানীয় এক শ্রমিকের আক্ষেপ, ‘আমরা পাথর তুলে সংসার চালাতাম। এখন কাজ নেই। পরিবার আছে, খরচ আছে, কিন্তু নেই কোনো আয়। আমাদের দেখার এবং আমাদের কথা শোনার যেন কেউ নেই।’

শুধু শ্রমিক নন, পাথর ব্যবসায়ীদের অবস্থাও করুণ। পাথর ভাঙা কলের মালিক মোর্শেদ আলম বলেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তোলা ব্যবসা দীর্ঘদিন ধরে স্থবির। অনেক ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। পাথর পরিবহনের সঙ্গে যুক্ত যানবাহনের মালিক ও শ্রমিকরাও পড়েছেন বিপাকে। একসময় যে খাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল, সেখানে এখন অনিশ্চয়তাই যেন নিত্যসঙ্গী।

সরকারি তথ্য অনুযায়ী, ভোলাগঞ্জ বালু-মিশ্রিত পাথর কোয়ারির আয়তন ৭৭০.১৪ একর। একটা সময় দেশের নির্মাণক্ষেত্রে বিশাল একটি জোগান পাওয়া যেত কোম্পানীগঞ্জ তথা সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে।

এত বড় প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার এলাকা দীর্ঘদিন, অর্থাৎ ২০২০ সাল থেকে নিষ্ক্রিয় থাকায় স্থানীয় ও জাতীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই কোয়ারি পরিচালনার দাবি স্থানীয়দের।

বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক, শওকত আলী বাবুল বলেন, পরিবেশ ধ্বংস করে নয়Ñ নির্দিষ্ট নীতিমালা, কঠোর নজরদারি এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হোকÑ এটা আমাদের প্রাণের দাবি। ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী সাহাব উদ্দিন বলেন, পরিবেশ রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত একটি টেকসই সিদ্ধান্ত নেওয়া হোক। যেখানে প্রকৃতি রক্ষা পাবে, একই সঙ্গে শ্রমিকের হাতে কাজ ফিরবে এবং ব্যবসা-বাণিজ্যেও আবার প্রাণ ফিরে আসবে।

কারণ একটি কোয়ারি বন্ধ থাকার অর্থ শুধু পাথর উত্তোলন বন্ধ থাকা নয়Ñ এর সঙ্গে বন্ধ হয়ে যায় অসংখ্য পরিবারের আয়ের পথ, থেমে যায় স্থানীয় অর্থনীতির চাকা। 

তাই ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জের মানুষের প্রত্যাশা, আর দীর্ঘ অপেক্ষা নয়, পরিবেশ রক্ষা করে দ্রুত কোম্পানীগঞ্জের পাথর কোয়ারিগুলো চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হোক। ফিরিয়ে দেওয়া হোক শ্রমিকের কাজ, ব্যবসায়ীর বেচাকেনা এবং একটি জনপদের হারিয়ে যাওয়া কর্মচাঞ্চল্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা