ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৪:১৪ পিএম
ঘাটাইলের কাইয়াডুরি বিল ও গুয়াপঁচা বিলে ড্রেজার বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের ঘাটাইলে বালুদস্যুদের থাবায় পরিবেশ বিপন্ন। বাংলা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় হুমকিতে পড়ছে কৃষিজমি।
ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নে ভোজদত্ত এলাকার কাইয়াডুরি বিল এবং গুয়াপঁচা বিলে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।
বালুখেকোদের স্থাপন করা বাংলা ড্রেজারের পাশেই জমিতে আমন ধান পরিচর্চাকারী কয়েকজন কৃষক জানান, এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। তাদের অভিযোগ, প্রশাসন সকালে এসে ড্রেজার বন্ধ করলে আবার বিকেলে চালু হয়।
সরেজমিনে দেখা যায়, ড্রেজারের চারপাশের জমিতে কৃষকরা আমন ধান লাগিয়েছেন। মাঝখানে বিল। সেখানে বসানো হয়েছে বাংলা ড্রেজার। বালু উত্তোলনের কাজ চলছে বছরের পর বছর ধরে।
স্থানীয়রা জানান, বালু উত্তোলনের ফলে বিলের আশেপাশের জমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। ফসলী জমি ভেঙে পড়ছে। অনেক জমির মাঝ বরাবর ফাঁটল দেখা দিয়েছে।
ভোজদত্ত গ্রামের কৃষক আ. মজিদ বলেন, বিল থেকে বালু উত্তোলন করায় ধ্বংস হয়ে যাচ্ছে আশেপাশের আবাদি জমি। প্রায় দুই বছর ধরে চলছে এ কাজ। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসককে জানিয়েও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।
মোবাইল ফোনে কথা হয় ড্রেজার মালিক আবু সাইদ ও আ. লতিফের সঙ্গে। তারা স্বীকার করেন এভাবে বালু উত্তোলন করা অবৈধ। তবে, দেশে কতো অনিয়ম হচ্ছে, সেটা কেউ দেখে না। আমরা ছোট ব্যবসায়ী। আপনি একটি দেখা করেন।
দেওপাড়া ইউপির নতুন নির্বাচিত চেয়ারম্যান রুহুল আমিন হেপলু বলেন, কৃষকের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফসলী জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের কঠিন প্রদক্ষেপ নেওয়া উচিত।
ঘাটাইল উপজেলা ইউএনও নূরী তাসমিন ঊর্মি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।