আত্মসমর্পণকোরী আলিফ বাহিনীর ১৫ সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবনে জলদস্যুতা ও বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যে আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন।
এসআরবি-৬-এর কাছে শুক্রবার তারা আত্মসমর্পণ করেন।
তাদের মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজন রয়েছেন।
এসআরবি-৬-এর মিডিয়া সেল থেকে শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা এবং অপরাধজীবনের অনিশ্চয়তার কারণে দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেন।
সুন্দরবনে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ। অতীতে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করলেও সাম্প্রতিক সময়ে নতুন দস্যুচক্রের তৎপরতা বেড়েছে।
এসআরবি-৬ আশা করছে, এ আত্মসমর্পণের ফলে সুন্দরবনের নিরাপত্তা জোরদার হবে এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ উন্নত হবে।
আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।