শফিক সরকার, ময়মনসিংহ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৩:২৬ পিএম
ময়মনসিংহ নগরীতে অটোরিকশার দাপটে পা ফেলা দায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহ নগরী এখন ব্যাটারিচালিত রিকশা আর অটোরিকশার দখলে। পুরো সড়কজুড়েই এই ব্যাটারিচালিত রিকশা আর অটোরিকশার দাপট। নগরবাসীর সবচেয়ে বড় ভোগান্তির নাম এসব যানবাহন।
অতিরিক্ত অটোরিকশায় তৈরি হচ্ছে যানজট আর বেপরোয়া চলাচলে বাড়ছে নানা দুর্ঘটনা। নগরবাসীর প্রশ্ন, কবে নাগাদ যানজটমুক্ত হবে এই শহর।
বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রকাশিত তথ্য অনুযায়ী : ময়মনসিংহ হলো বিশ্বের নবম ধীরগতির শহর। ময়মনসিংহ সিটি করপোরেশনের ৯১ বর্গকিলোমিটার সড়কের ব্যস্ততম ৬৬ কিলোমিটার সড়কের কোথাও যেন ফাঁকা নেই। ঠাসাঠাসি করে ছুটছে একের পর এক ব্যাটারিচালিত রিকশা আর অটোরিকশা। চলেছে নগরীর ব্যস্ত সড়কে যাত্রী ওঠানো-নামানোর প্রতিযোগিতা।
গাঙ্গিনার পাড়, চরপাড়া মোড়, পাটগুদাম মোড়, নতুন বাজার মোড়, জিলা স্কুল মোড়সহ নগরীর ব্যস্ততম এলাকায় দীর্ঘ যানজটের শিকার হচ্ছে নগরবাসী। সিটি করপোরেশন প্রতিষ্ঠার এক যুগ হলেও বদলায়নি নগরের চিত্র। বরং বেড়েছে অটোরিকশার সংখ্যা। সিটি করপোরেশনের হিসাবে নগরে বিভিন্ন ধরনের রিকশা ও অটোরিকশা প্রায় ১৭ হাজার চলাচল করলেও এর প্রকৃত সংখ্যা হবে দ্বিগুণেরও বেশি। চালকরা বলছেন, যানজট ভোগান্তি কমাতে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি অটোরিকশা কমানো ছাড়া কোনো উদ্যোগেই কাজে আসবে না।
কয়েকটি অটোরিকশার যাত্রী বলেন, ময়মনসিংহ এখন অটোরিকশার দখলে। পুরো নগরজুড়ে অটোরিকশার দাফট। কোথাও চলার মতো অবস্থা নেই এই নগরীতে। দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়তে হয়। শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত এসবের বাস্তবায়ন করা দরকার। সেই সঙ্গে পরিকল্পিত নগরায়ণ দেখতে চায় নগরবাসী। সুন্দর পরিবেশে এই নগরীতে চলাচল করতে পারেনÑ এমন প্রত্যাশা নগরবাসীর।
কয়েকজন স্কুল শিক্ষার্থী বলে, যানজটের কারণে তারা সঠিক সময়ে ক্লাসে যেতে পারে না। প্রতিদিনই যানজট ভেঙে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে তাদের তাদের চরম দুর্ভোগে পড়তে হয়।
ময়মনসিংহ সুশাসনের জন্য নাগরিক কমিটির মহানগরের সাধারণ সম্পাদক আলী ইউসুফ বলেন, এই যানজটের প্রধান কারণ হিসেবে দেখছেন অধিক অটোরিকশা চলাচলকে। আর অল্প জায়গায় অধিক অটোরিকশা চলাচল করছে বলেই দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে বলে সচেতন মানুষ মনে করেন।
এদিকে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম মাওলা মনে করেন, সিটি করপোরেশন এরিয়ায় যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট দরকার তাদের সেটা নেই। যানবাহন নিয়ন্ত্রণে ডাম্পিকব্যবস্থ থাকা দরকার, সেটাও তাদের নেই। আর এই নগরীতে ২৫ শতাংশে রাস্তা দরকার ছিল আর সেখানে আছে মাত্র ৫ শতাংশে। এই হিসাবে যানবাহন চলাচলের কথা ছিল পাঁচ হাজারের মতো আর সেখানে প্রতিদিন চলাচল করছে ৫০ হাজারের অধিক যানবাহন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রুকন বলেন, যানজট ও অটোচালকদের নিয়ন্ত্রণে আনতে দেশে এই প্রথম কোনো সিটি করপোরেশনে অটোচালকদের ডিজিটাল লাইসেন্স দেওয়া হচ্ছে। আগামী দু-এক মাসের মধ্যে এটা চালু হবে। তাদের জন্য একটা জোন করে দেওয়া হবে।