বাংলাার ভেনিস
নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর ও শামসুল আরেফিন, নাজিরপুর
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১০:৫০ এএম
নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারসংলগ্ন বেলুয়া নদীতে ভাসমান হাটে নৌকায় বেচাকেনা।
ভোরের আলো ফুটতেই বাংলার ভেনিস খ্যাত বেলুয়া নদীর বুকে ভাসমান হাটে ভিড়তে শুরু করে শত শত কৃষিপণ্যবোঝাই নৌকা। এসব নৌকায় শাকসবজি, ধান-চালসহ নানা কৃষিপণ্য থাকে। শত শত নৌকা আর ক্রেতা-বিক্রেতার ভিড়, ওপর থেকে দেখে মনে হয় নদীর বুকে ছোটো একটা গ্রাম। প্রতি হাটে চার ঘণ্টায় বেচাকেনা হয় প্রায় কোটি টাকার।
ভাসমান এই হাটটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারসংলগ্ন বেলুয়া নদীতে। সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে ব্যতিক্রমী এই হাট। নদী-নৌকানির্ভর জীবনযাত্রার এ ব্যবস্থার সঙ্গে ইতালির ভেনিস শহরের জলপথকেন্দ্রিক জীবনের মিল খুঁজে পান স্থানীয়রা। সে কারণে বৈঠাকাটা হাটকে কেউ কেউ ‘বাংলার ভেনিস’ বলেন।
দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বড় ভাসমান হাট হিসেবে পরিচিত বৈঠাকাটা বাজারটি পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ এবং বরিশালের বানারীপাড়া উপজেলার মানুষের বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বেলুয়া নদীর প্রায় এক কিলোমিটারজুড়ে বসে হাট।
ভোর থেকেই নাজিরপুর, নেছারাবাদ ও বরিশালের বানারীপাড়ার বিভিন্ন এলাকার কৃষক ও ব্যবসায়ীরা ছোট ছোট নৌকায় বরবটি, কুমড়া, পুঁইশাক, করলা, পটোল, কাঁকরোল, কাঁচকলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শালগম, কচু, চালকুমড়া, নারিকেল, কলা, শাপলা, সবজির চারাসহ কৃষিপণ্য নিয়ে হাটে আসেন।
আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় বেচাকেনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা জমে ওঠে। ৩-৪ ঘণ্টার মধ্যে বেচাকেনা শেষ করে অধিকাংশ নৌকা ফিরে যেতে শুরু করে।
ক্রেতা-বিক্রেতারা জানায়, হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররাও আসেন। তারা কৃষিপণ্য কিনে আশপাশের উপজেলা বাজারে নিয়ে যান। স্থানীয়রা জানান, এখানকার কৃষিপণ্যের একটি অংশ দেশের বাইরেও যায়। হাটে শুধু শাকসবজি বা ফলমূল নয়, বিভিন্ন জলজ উদ্ভিদ ও আগাছা বিক্রি হয়। এসব উদ্ভিদ ব্যবহার করে ভাসমান বেড তৈরি করে শীতকালীন সবজি ও সবজির চারা উৎপাদন করেন স্থানীয় কৃষকরা।
হাটের অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি রয়েছে পর্যটনের সম্ভাবনাও। দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসে। নদীর বুকজুড়ে শত শত নৌকা, কৃষিপণ্যের বেচাকেনা, স্থানীয় মানুষের জীবনযাত্রা ও নদীকেন্দ্রিক সংস্কৃতিÑ সব মিলিয়ে এটি দক্ষিণাঞ্চলের একটি আকর্ষণীয় গ্রামীণ পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।
কৃষিপণ্য বিক্রেতা আলম তালুকদার বলেন, আমি গ্রাম থেকে পণ্য কিনে এনে এ হাটে বিক্রি করি। এখানে বেচাকেনা বেশি হয়, দামও ভালো পাই। এখানকার আয় দিয়েই ভালোভাবে পরিবার পরিচালনা করছি। আরেক বিক্রেতা ইব্রাহিম বলেন, হাটে জলজ উদ্ভিদ দুলালিলতা নিয়ে আসি। বেচাকেনাও মোটামুটি ভালো। ৮-৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। কম বিক্রি হলেও ৫ হাজারের মতো হয়।
ক্রেতা মিনহাজ বলেন, শ্যাওলা ও দুলালিলতা কিনতে হাটে এসেছি। এগুলো দিয়ে ভাসমান বেড তৈরি করে বিভিন্ন ধরনের সবজি ও চারা উৎপাদন করা হয়।
প্রায় ৪ দশক ধরে হাটে ব্যবসার সঙ্গে যুক্ত রফিকুল বলেন, দেশ স্বাধীনের আগ থেকেই এই হাট। আমার ধারণা, হাটটির বয়স ৭০-৭৫ বছর হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, ভাসমান এ হাটকে কেন্দ্র করে কোটি টাকার বেচাকেনা হয়। এমনকি বিদেশি পর্যটকরাও এখানে ঘুরতে আসেন। এ বাজারে নারকেল, তরমুজ, শাকসবজি, সবজির চারাসহ বিভিন্ন কৃষি পণ্য বেচা-বিক্রি হয়। খুব সকালে এসে পাইকাররা পণ্যগুলো কিনে বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়।