নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হুইপ রকিবুল ইসলাম বকুল। ছবি: সংগৃহীত
পুলিশ বাহিনীর সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ঠিকমতো মানছেন না, বরং সন্ত্রাসীদের সঙ্গে কোনো না কোনোভাবে আপস করে ফেলছেন বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, “এটা স্বেচ্ছায় করুক আর ভয়ে করুক- এর খেসারত জনগণকে দিতে হচ্ছে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ফ্যাসিস্ট আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা কোনো না কোনোভাবে বিএনপিতে প্রবেশের চেষ্টা করছেন। এ বিষয়ে দলকে সতর্ক থাকতে হবে। কেউ এমন ব্যক্তিদের সুযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা সদস্যদের অবহেলাকে ছোট করে দেখার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে আনতে হবে। আগের সরকারের আমলে প্রশাসনে অনেক দলীয় লোক ঢুকে পড়েছেন, যাঁদের অনেকে নির্দেশনা মানছেন না।
খুলনা অঞ্চলের অর্থনৈতিক সংকট ও কর্মসংস্থানের অভাবকে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে হুইপ বলেন, হতাশা থেকে যুবসমাজের একাংশ মাদক ও সন্ত্রাসের দিকে ঝুঁকছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে অপরাধ দ্রুত কমে আসবে।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর অতীতের কঠিন সময়ের কারণে সদস্যদের মনোবল ফেরাতে উৎসাহ দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।
খুলনার জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, জনগণ সন্ত্রাসীদের প্রশ্রয় না দিলে এবং পুলিশ পূর্ণ সহযোগিতা করলে এ অঞ্চল থেকে সন্ত্রাসী বাহিনী দ্রুত পালাতে বাধ্য হবে বলে তিনি বিশ্বাস করেন।