× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ধ্যা নদীর ভাঙনে অস্তিত্বসংকটে প্রাচীন স্থাপনা

সাব্বির হোসেন, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২২:৫২ পিএম

বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের নলেশ্রী গ্রামে সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন দিঘীরপাড় জামে মসজিদটি এখন অস্তিত্বসংকটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের নলেশ্রী গ্রামে সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন দিঘীরপাড় জামে মসজিদটি এখন অস্তিত্বসংকটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলেশ্রী গ্রামে সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন দিঘীরপাড় জামে মসজিদটি এখন অস্তিত্বসংকটে।

নদীভাঙনের ভয়াবহ থাবায় যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা। স্থানীয়দের আশঙ্কা সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে হারিয়ে যাবে প্রায় ২০০ বছরের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় মসজিদটির সামনেই ছিল বিশালাকৃতির একটি দিঘী। সেই দিঘীর নাম অনুসারেই মসজিদটির নামকরণ করা হয় দিঘীরপাড় জামে মসজিদ। দীর্ঘ সময় ধরে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি স্থাপনাটি এলাকার মানুষের কাছে অতীত ঐতিহ্য ও বহু প্রজন্মের স্মৃতির প্রতীক হয়ে রয়েছে। তবে সময়ের পরিবর্তন ও নানা প্রতিকূলতায় মসজিদটি এখন অনেকটাই জরাজীর্ণ। এর ওপর সন্ধ্যা নদীর ভাঙন নতুন করে হুমকি তৈরি করেছে। নদীর অব্যাহত ভাঙনে মসজিদসংলগ্ন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রাচীন এই স্থাপনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কাওসার বালি বলেন, এই মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়; এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও বহু প্রজন্মের স্মৃতির অংশ। তাই ঐতিহ্যবাহী স্থাপনাটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের দাবি, শুধু মসজিদ নয়, নদীভাঙনের ঝুঁকিতে থাকা আশপাশের বসতভিটাগুলোও রক্ষা করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ, ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এবং মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ চান তারা।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান জানান, মসজিদটি এবং স্থানীয় বাসিন্দাদের বেশ কিছু বসতভিটা নদীভাঙনের কবল থেকে রক্ষা করতে প্রশাসনিকভাবে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এখন স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এই আশ্বাস দ্রুত বাস্তব উদ্যোগে রূপ নেবে। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে হয়তো রক্ষা পাবে ইতিহাসের সাক্ষী এই প্রাচীন মসজিদ এবং আশপাশের মানুষের বসতভিটা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা